৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশালে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারসহ বিএনপি-জামায়াতের ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় ওই অভিযোগপত্র দাখিল করা হয়।
গত সোমবার বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুল হক আদালতে উপস্থাপনের জন্য সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আশীষ পালের কাছে অভিযোগপত্রটি জমা দেন।
অভিযোগপত্রে অভিযুক্ত বিএনপির অন্য নেতা-কর্মীরা হলেন বিএনপির বরিশাল মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর এ কে এম জাহিদুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আহম্মেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর ফরিদ উদ্দিন হাওলাদার, ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, ২৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. বাচ্চু ফরাজী, সদস্য মো. আবদুল আজিজ খলিফা ও কামরুল হাসান, ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান ওরফে চুন্নু মৃধা, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আসাদ, মামুন মোল্লা, ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফরিদ আহম্মেদ, ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কবির হোসেন খান, সাধারণ সম্পাদক কাওসার মোল্লা, একই ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি অলিউল ইসলাম পিন্টু, যুবদলের নেতা মো. সোহাগ, ইসলাম খান, দুলাল ফকির, মনির হোসেন, রুবেল চৌধুরী ওরফে মজনু, মো. হারুন, বিএনপির নেতা মো. বাচ্চু, শাকিল খান, স্বেচ্ছাসেবক দলের সামসুল কবির ফরহাদ। জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে পশ্চিম জেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক আইনজীবী পলাশ, মহানগর জামায়াতে ইসলামীর রোকন মো. শামিম কবির, হিরন মিয়া, মো. ফিরোজ আলম।