৩০ লাখ টাকার পুরস্কারের কর্মসূচি নিয়ে সরব জামায়াতে ইসলামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে মাসব্যাপী সিরাতুন্নবী (সা.) বিষয়ক ১০টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ টাকাসহ ৩০ লাখ টাকা মূল্যমানের পুরস্কার দিয়েছে জামায়াতে ইসলামী। রোববার রাতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

সারা দেশে মাসব্যাপী সিরাতুন্নবী (সা.) বিষয়ক ১০টি প্রতিযোগিতায় নগদ টাকাসহ ৩০ লাখ টাকা মূল্যমানের পুরস্কার নিয়ে সরব হলো জামায়াতে ইসলামী। বিজয়ীদের মধ্যে গতকাল রোববার রাতে পুরস্কার বিতরণ করা হয়। গণমাধ্যমে পাঠানো দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় নারী, পুরুষ ও শিক্ষার্থী মিলে ৩২টি গ্রুপে প্রায় ২০ হাজার প্রতিযোগী অংশ নেন।

জামায়াতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘ইসলামি আন্দোলনের কর্মীদের হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। বরং অতীতের ভুলভ্রান্তি ও ব্যর্থতা চিহ্নিত করে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতে হবে।’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া নেতাদের প্রতি ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন, ‘আমাদের “বেস্ট প্রোডাক্টগুলোকে” আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। তাই শহীদদের রক্ত কথা বলবে ইনশা আল্লাহ। আমরা দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত রাখব।’
জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.)–কে আদর্শ নেতা হিসেবে অনুসরণ করতে সবার প্রতি আহ্বান জানান শফিকুর রহমান।

জামায়াত সূত্র জানায়, রোববার সারা দিনে পাঁচ পর্বে এ অনুষ্ঠান হয়। এতে নেতারা ভার্চ্যুয়ালি অংশ নেন। দলের ঢাকা মহানগর উত্তর কমিটির আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় নায়েবে আমির ও ভারপ্রাপ্ত সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের ৩২ জন নেতা বক্তব্য দেন। এ ছাড়া আলোচনায় অংশ নেন জামায়াতের সাবেক আমির ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রয়াত গোলাম আযমের বড় ছেলে মামুন আল আযমী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মতিউর রহমান নিজামীর বড় ছেলে নকীবুর রহমান, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর এবং প্রয়াত সাবেক আমির মকবুল আহমাদের ছেলে ইসমাইল হোসেন। এ ছাড়া বিভিন্ন দেশ থেকেও অনেকে আলোচনায় অংশ নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।