‘গুনে গুনে ৩০ লাখ শহীদের’ নাম পত্রিকায় প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীর মিলাদ ও দোয়া অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় এ আহ্বান জানান। ঢাকা মহানগর বিএনপি এর আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় সরকারের উদ্দেশে বলেন, ‘সত্য কথায় রাষ্ট্রদ্রোহ আর মিথ্যা কথা বললে দেশপ্রেম—এই নীতিতে বিশ্বাস করি না। সত্য যত নির্মম হোক, সত্য সত্যই। ইতিহাস সঠিকভাবে লিখতে হয়। কে কত লাখ বলল এটা বড় কথা নয়। গুনে গুনে ৩০ লাখ শহীদের নাম পত্রিকায় প্রকাশ করুন। তারপর খালেদা জিয়ার বিরুদ্ধে যত পারেন, মামলা করেন।’ তিনি বলেন, ‘৩০ লাখ হোক বা ৬০ লাখ হোক, শহীদদের প্রতি আমাদের দায়িত্ব আছে। তাঁদের তালিকা কী কারণে থাকবে না। শহীদদের নাম উল্লেখ করে এলাকায় এলাকায় স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে। সে কারণে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, তাঁদের ভালো-মন্দ দেখা রাষ্ট্রের দায়িত্ব।’
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবদুল মঈন খান, ফজলুল হক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ, তাইফুল ইসলাম প্রমুখ। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন, তার হিসাব নেই।
এমাজউদ্দীন আহমদ বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কথা বলে খালেদা জিয়া কী এমন অপরাধ করেছেন যে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে? তিনি বলেন, তিনবারের জনপ্রিয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের রাষ্ট্রদ্রোহ মামলা অমার্জনীয় অপরাধ।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান দলীয় নয়, বাংলাদেশের নেতা। তাঁদের নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। তিনি বলেন, ‘জিয়াউর রহমানও শেখ মুজিবকে সম্মান, শ্রদ্ধা করতেন। তাই তিনি ওনার (মুজিব) নামে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন। এ ব্যাপারে তর্কের কোনো অবকাশ নেই।’
আলোচনায় আরও অংশ নেন অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক বোরহানউদ্দিন খান, অধ্যাপক খলিলুর রহমান, অধ্যাপক এ টি এম নুরুল আমিন প্রমুখ। জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।