৩০ সেপ্টেম্বর থেকে বিদেশি টিভির ক্লিন ফিড: তথ্যমন্ত্রী

সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো, কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াব, স্যাটেলাইট টিভি চ্যানেল ডিস্ট্রিবিউটর এবং ডাইরেক্ট টু হোম-ডিটিএইচ সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকা, ২ আগস্ট।ছবি: পিআইডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর থেকে বিদেশি টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত (ক্লিন ফিড) সম্প্রচার বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম শহর এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহর এবং দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া,  কুমিল্লা, রাঙামাটি ও কক্সবাজারে টেলিভিশন কেব্‌ল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো, কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াব, স্যাটেলাইট টিভি চ্যানেল ডিস্ট্রিবিউটর এবং ডাইরেক্ট টু হোম-ডিটিএইচ সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং সচিব মকবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

এ দিনের আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী আমাদের দেশে বিদেশি টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত (ক্লিন ফিড) সম্প্রচারের নিয়ম পালন, টিভি কেব্‌ল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা এবং সংশ্লিষ্ট অসংগতি দূর করার উদ্দেশ্যে আমরা করোনা মহামারি শুরুর আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু দেশে¯স্রষ্টার কৃপায় এবং প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় গণটিকার কার্যক্রমে ধীরে ধীরে করোনার প্রকোপ কমছে, সেই প্রেক্ষাপটে আজকে আমরা আগের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং বর্তমান প্রেক্ষিত নিয়ে পুরো বিষয়টা আলোচনার জন্য বসেছি।’

হাছান মাহমুদ জানান, ক্লিন ফিড বাস্তবায়নে আইন প্রয়োগের পাশাপাশি কেব্‌ল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার জন্য গ্রাহকদের অবহিত করার ব্যবস্থা নেওয়া হবে। কারণ, দেশ ডিজিটাল হয়েছে কিন্তু এই ক্ষেত্রে যে অগ্রগতি হওয়ার প্রয়োজন ছিল সেটি হয়নি, সেটি হতে হবে।

এ ছাড়া ইন্টারনেটে ভিডিও স্ট্রিমের মাধ্যমে অনুমোদনহীন টিভি দেখানো, অবৈধ ডিটিএইচ সংযোগ, কেব্‌ল নেটওয়ার্কে অবৈধ সিনেমা বা বিজ্ঞাপন প্রচার, একজনের এলাকার মধ্যে আরেকজনের অনুপ্রবেশ, লাইসেন্স ছাড়া কেব্‌ল নেটওয়ার্ক পরিচালনা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যেই পরপর দুই বছর নবায়ন না করায় ১ হাজার ২০০ কেব্‌ল অপারেটিং এবং ফিড লাইসেন্স বাতিল করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান-উল-আলম, অ্যাটকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক বাবু, জাদু ভিশনের ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক, ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুদ্দিন মিয়া, কোয়াব প্রশাসক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানা, আইন কর্মকর্তা মো. সাইদুর রহমান গাজী, কেব্‌ল অপারেটরদের প্রতিনিধি এস এম আনোয়ার পারভেজ, এ বি এম সাইফুল হোসেন, এম ওমর ফারুক, মোহাম্মদ নাজমুদ্দোহা, বেক্সিমকো কমিউনিকেশনের প্রতিনিধি মো. মুসা আমিন, মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ বৈঠকে অংশ নেন।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এদিন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘দেশের সকল অর্জনের সাথে জিয়ার নাম জড়িত’ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জিয়াউর রহমানের নাম সব সময় বিশ্বাসঘাতক ও খুনি হিসেবেই জড়িত থাকবে।
‘এজ এ ট্রেইটর, বিট্রেয়ার অ্যান্ড কিলার’ হিসেবেই বাংলাদেশের ইতিহাসে সব সময় জিয়ার নাম জড়িত থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যে পরিমাণ বিশ্বাসঘাতকতা, হঠকারিতা ও খুনের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, তা বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। মির্জা ফখরুল সাহেব কথাটা সেভাবে বললে সঠিক হতো।’