নয় বছর পর জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার। সম্মেলন উপলক্ষে বিভিন্ন রাস্তায় অর্ধশত তোরণ তৈরি করা হয়েছে। শহর সাজানো হয়েছে ফেস্টুন, বিলবোর্ড দিয়ে বর্ণিল সাজে।
এ ছাড়া সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের প্রায় ৩০ হাজার নেতা-কর্মী ও সমর্থকের জন্য দুপুরে খাবারের আয়োজন করছে জেলা আওয়ামী লীগ। এ জন্য ১২০ মণ সুগন্ধি চাল, ৬০ মণ খাসির মাংস, ২৫ মণ সয়াবিন তেল, ১২০ কেজি দই ও ৬০ কেজি ঘি দিয়ে তেহারি রান্না করবেন বাবুর্চিরা।
২০০৫ সালের ৪ অক্টোবর জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে সরাসরি কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে সামছুল আলম ও সাধারণ সম্পাদক পদে সোলায়মান আলী নির্বাচিত হন।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, জয়পুরহাট স্টেডিয়ামে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ সামছুল আলম। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। এঁরা হলেন বর্তমান সভাপতি সাংসদ সামছুল আলম, জ্যেষ্ঠ সহসভাপতি মোল্লা সামছুল আলম ও সহসভাপতি গোলাম হক্কানী। সাধারণ সম্পাদক পদেও প্রার্থী তিনজন। তাঁরা হলেন বর্তমান সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সহসভাপতি নৃপেন্দ্র নাথ মণ্ডল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন।
সাংসদ সামছুল আলম জানান, সম্মেলনে কাউন্সিলররা যে সিদ্ধান্ত নেবেন সেটাই তাঁর সিদ্ধান্ত। মোল্লা সামছুল আলম বলেন, সরাসরি কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত হোক। চাপিয়ে দেওয়া নেতৃত্ব দলে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করবে।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রবীণ নেতা আবদুল মোমেন অভিযোগ করেন, সোলায়মান আলী নিজের পছন্দের লোককে কাউন্সিলর করেছেন। অথচ কাউন্সিলর তালিকায় জেলার অনেক ত্যাগী ও সৎ নেতার নাম নেই।
তবে সোলায়মান আলী নিজের মতো করে কাউন্সিলরের তালিকা করার অভিযোগ অস্বীকার করে বলেন, ১২৭ জন কাউন্সিলরের তালিকা জেলা কমিটি অনুমোদন করেছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে কাউন্সিলর করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ জানান, কাউন্সিলরদের মতামতকেই প্রাধান্য দেওয়া হবে। তবে সমঝোতা সর্বোত্তম পথ। বিশাল আয়োজনে জেলা সম্মেলন সম্পর্কে তিনি জানান, অবস্থাসম্পন্ন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ তিনিও এ সম্মেলনের জন্য আর্থিক সহযোগিতা করেছেন।
জেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের খাদ্য উপপরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, শহরের সার্কিট হাউসে এ সম্মেলনে ৩০ হাজার নেতা-কর্মী ও সমর্থককে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এ জন্য দুই হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। জেলা পরিষদ মিলনায়তনে বিকেলে সম্মেলন হবে