৩১ জুলাইয়ের মধ্যে টাঙ্গাইল জেলা আ.লীগের সম্মেলন
ঈদের পর আগামী ৩১ জুলাইয়ের মধ্যে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে ফজলুল হককে সভাপতি এবং শিবলী সাদিককে সাধারণ সম্পাদক করা হয়। গত ৪ মে গোলযোগের কারণে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়।
সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনুর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াত জোটের সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে জেলা ও উপজেলায় সম্মেলন করে দলকে সুসংগঠিত করতে হবে।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, সহসভাপতি শামসুল হক, যুগ্ম সম্পাদক আলী আজগর খান ও জোয়াহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য দেন।