
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে অন্তত ৩১টি ইউপিতে চেয়ারম্যান পদে কেবল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন। ফলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এ ছাড়া এ ধাপে অন্তত ৭৫টি ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই।
গতকাল রোববার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এমন হিসাব দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য ও প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রথম ধাপের ৭৩২টির মধ্যে ৬২টি ইউপিতে একমাত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন। ওই ধাপে বিএনপির প্রার্থী নেই ১১৯টিতে।
এদিকে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় তাঁদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। অনেক জায়গায় মনোনয়নপত্র জমা দিলেও তা প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। কোথাও কোথাও বাছাইয়ে বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ৬৪৭টি ইউপিতে ৩১ মার্চ ভোট গ্রহণ করা হবে। গতকাল ছিল এসব ইউপিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের হিসাব অনুযায়ী, এসব ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৩ হাজার ১০৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১৩টি ইউপিতে মাত্র একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এঁরা সবাই আওয়ামী লীগ মনোনীত। এই ১৩টি ইউপি হলো কিশোরগঞ্জের বাজিতপুরের দিঘীরপাড়; গোপালগঞ্জ সদরের বোড়াশী, বৌলতলী, দুর্গাপুর, কাঠি; জয়পুরহাট সদরের ধলাহার, দোগাছী ও জামালপুর; ভোলা সদরের কাচিয়া; মাদারীপুর সদরের ঝাউদি এবং ফেনীর পরশুরাম উপজেলার চিথিলা, বক্স মাহমুদ ও মির্জানগর। তবে নির্বাচনী অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন পরশুরামে এই তিনটি ইউপির নির্বাচন স্থগিত রেখেছে। তদন্ত শেষে এই তিন ইউপির ভাগ্য নির্ধারিত হবে।
বিএনপি অভিযোগ করেছে, পরশুরামে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি।
কেবল একজন প্রার্থী থাকা ১৩টি ইউপির সঙ্গে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরও ১৮টি ইউপি যোগ হয়েছে। এর মধ্যে আছে মুন্সিগঞ্জের শ্রীপুরের ষোলঘর ও সিরাজদিখানের কেয়াইন; জয়পুরহাট সদরের বম্বু, মোহাম্মদাবাদ ও পরানপৈল; সিরাজগঞ্জ সদরের রতনকান্দি; শেরপুরের নকলার গনপদ্দি; গোপালগঞ্জের সদরের হরিদাসপুর, উলপুর, গোবরা, করপাড়া, লতিফপুর, রঘুনাথপুর, সাতপাড় ও সুকতাইল; যশোর সদরের আরবপুর, দেয়াড়া ও নরেন্দ্রপুর। এসব ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় কেবল ক্ষমতাসীন দলের প্রার্থীরা রইলেন। এ ছাড়া কয়েকটিতে বাছাইয়ে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বিএনপির প্রার্থী নেই ৭৫টিতে: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের (২ মার্চ) হিসাব অনুযায়ী মোট ৬৩টি ইউপিতে বিএনপির প্রার্থী ছিল না। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এর সঙ্গে আরও ১২টি ইউপি যোগ হয়েছে। এগুলো হলো: মুন্সিগঞ্জের ষোলঘর ও কেয়াইন; জয়পুরহাটের বম্বু, মোহাম্মদাবাদ ও পরানপৈল; সিরাজগঞ্জের রতনকান্দি; শেরপুরের গনপদ্দি; গোপালগঞ্জের হরিদাসপুর ও উলপুর; যশোরের আরবপুর, দেয়াড়া ও নরেন্দ্রপুর। সব মিলিয়ে বর্তমানে ৭৫টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতে যাওয়া ৩১টি ইউপিও রয়েছে।
জানতে চাইলে কেন্দ্রীয়ভাবে ইউপি নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান গতকাল প্রথম আলোকে বলেন, অনেক জায়গায় ‘আগে জান বাঁচাই, পরে ভোট’ এই অবস্থা তৈরি হয়েছে। সরকারদলীয় সন্ত্রাসীদের ভয়-ভীতি, হুমকি-ধমকির কারণে অনেকে মনোনয়নপত্র জমা দিয়েও প্রত্যাহারে বাধ্য হয়েছেন। মনোনয়নপত্র জমাদানেও বাধা দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে স্থানীয় প্রশাসনও বিএনপির প্রার্থীদের কোনো নিরাপত্তা দিতে পারেনি। নির্বাচন কমিশন অতীতের মতো এবারও ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনকে তামাশায় পরিণত করছে। এখনই বোঝা যাচ্ছে, কী নির্বাচন হবে। তিনি বলেন, ইউপি নির্বাচনের এই অবস্থা সরকারের পতনের একটি ভিত্তি তৈরি করবে।
তফসিল অনুযায়ী প্রথম ধাপে ২২ মার্চ ৭৩২টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এতে চেয়ারম্যান পদে মোট ৩ হাজার ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ২৪৬ জন। আওয়ামী লীগ ৭৩১টি ইউপিতে প্রার্থী মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আছেন ৬২ জন। ৫৭টি ইউপিতে অন্যান্য দলের বা স্বতন্ত্র প্রার্থী থাকলেও বিএনপির কোনো প্রার্থী নেই। সব মিলিয়ে প্রথম ধাপে ১১৯টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই।