ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৩৩টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী রয়েছেন। আর ১০৬টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই।
গত সোমবার এই ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের পর এই চিত্র দাঁড়িয়েছে। সোমবার প্রাথমিকভাবে ২৭টিতে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকার কথা জানা গিয়েছিল। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাওয়া তথ্যে ৩৩টিতে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকার কথা জানা গেছে।
চেয়ারম্যান পদে প্রথম ধাপে ৫৪ জন এবং দ্বিতীয় ধাপে ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল।
গতকাল কমিশন সচিবালয়ের দেওয়া তথ্য অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৩ হাজার ২৪৫ জন। এর মধ্যে আওয়ামী লীগের ৭২৪, বিএনপির ৬১৯ ও জাতীয় পার্টি ১৫৬ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১ হাজার ৫২২ জন। তফসিল অনুযায়ী আগামী ৭ মে চতুর্থ ধাপে ৭২৫টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
চতুর্থ ধাপে একজন করে প্রার্থী থাকা ইউপিগুলো হলো: কুমিল্লার চৌদ্দগ্রামের কাশীনগর ও শ্রীপুর; চান্দিনার বাড়েরা; কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ; কুষ্টিয়া সদরের বটতৈল, গোপালগঞ্জের মুকসুদপুরের গোবিন্দপুর; চট্টগ্রামের রাউজানের ১ নম্বর হলদিয়া, ৩ নম্বর চিকদাইর, ৪ নম্বর গহিরা, ৭ নম্বর রাউজান, ৯ নম্বর পাহাড়তলী, ১০ নম্বর পূর্ব গুজরা, ১১ নম্বর পশ্চিম গুজরা, ১২ নম্বর উরকির চর, ১৪ নম্বর বাগোয়ান, ১৫ নম্বর নোয়াজিশপুর ও ২ নম্বর ডাবুয়া; জয়পুরহাটের আক্কেলপুরের রুকিন্দিপুর; নোয়াখালীর সোনাইমুড়ির বারগাঁও; নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি ও রাধানগর; নড়াইল সদরের বিছালী ও কালিয়ার কলাবাড়ীয়া; ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগর ও সদরের ছনুয়া; ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর; মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর সোনারঙ টঙ্গিবাড়ী; লক্ষ্মীপুরের রায়পুরের চরপাতা, বামুনী, চর আবাবিল (দক্ষিণ) ও রায়পুর; লক্ষ্মীপুর সদরের উত্তর হামছাদী এবং শেরপুর সদরের কামারিয়া।