৩৫ দিন পর আবার ছাত্রদলের কমিটি
লক্ষ্মীপুরের রায়পুর পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩৫ দিনের মাথায় আগের করা কমিটি বিলুপ্ত করে গত মঙ্গলবার সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর ছাত্রদলের কমিটি গঠনের জন্য সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার বাসায় স্থানীয় বিএনপি নেতারা সভা করেন। ওই সভায় জেলা ছাত্রদলের কোনো নেতা উপস্থিত ছিলেন না। সেখানে নবী উল্লা রুবেলকে আহ্বায়ক করে ১৯ সদস্যের রায়পুর পৌর ছাত্রদলের কমিটি করা হয়। আর মনোয়ার হোসেনকে আহ্বায়ক করে ২১ সদস্যের কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্র আরও জানায়, ছাত্রদলের অধিকাংশ নেতা-কর্মী আগের কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন না। এ কারণে ওই কমিটি গঠন করায় তাঁরা ক্ষুব্ধ হন। এ পরিস্থিতিতে আবার কমিটি গঠনের জন্য গত মঙ্গলবার সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার বাসায় বৈঠকে বসেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে নবী উল্লা রুবেলকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট রায়পুর পৌর ছাত্রদল ও মনোয়ার হোসেনকে আহ্বায়ক করে ৩১ সদস্যের কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।
নতুন দুটি কমিটির আহ্বায়ক নবী উল্লা রুবেল ও মনোয়ার হোসেন গতকাল বুধবার বলেন, আগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। এখন নতুন করে কমিটি গঠন করায় আর কোনো বিরোধ নেই। সবাই দলের জন্য কাজ করব।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ মুঠোফোনে বলেন, আগের করা কমিটি গঠন নিয়ে কিছু ত্রুটি ছিল। এ জন্য আবার সভা করে সবার উপস্থিতিতে কমিটি করা হয়েছে।