৩৫টি নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদ মির্জা ফখরুলের
দেশের ৩৫টি নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও বন্ধ এসব নিউজ পোর্টাল অবিলম্বে চালুর দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, বর্তমান ‘অনৈতিক’ সরকার গণতন্ত্রকে ধ্বংস করার ধারাবাহিক প্রক্রিয়ায় ৩৫টি অনলাইন পত্রিকা বন্ধ করে দিয়েছে। সরকার সুপরিকল্পিতভাবে জনগণের কণ্ঠ রোধ করার জন্য সংবাদমাধ্যমের স্বাধীনতাকে হরণ করেই চলেছে। এর আগে আমার দেশ পত্রিকা, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামকে কারাগারে বন্দী রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার জন্য এতগুলো অনলাইন পত্রিকা একযোগে বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করেছে, যা গত বৃহস্পতিবার রাত থেকে কার্যকর হয়। বিজ্ঞপ্তি।