
লাগাতার অবরোধ এবং সেই সঙ্গে ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন গতকাল রোববার নূরে আলম নামের আরেক দগ্ধ ব্যক্তি মারা গেছেন। তাঁকে নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ জনে। আর লক্ষ্মীপুর ও গাইবান্ধায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছেন ছয়জন।
এই কর্মসূচি চলার মধ্যে ঢাকায় পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ময়মনসিংহে ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেস ও ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। যমুনা এক্সপ্রেসে হামলায় আহত হয়েছেন দুজন যাত্রী। আর সুবর্ণ এক্সপ্রেসে হামলার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও হরতাল-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আহত হন অন্তত ১২ জন। এ নিয়ে চলতি হরতাল-অবরোধে রেলে সাত দফা নাশকতার ঘটনা ঘটল।
অবরোধে নওগাঁয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ে পেট্রলবোমা ও কিশোরগঞ্জে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ককটেল হামলা চালানো হয়। চাঁদপুরে বিদ্যুৎকেন্দ্রের সামনে ছোড়া হয় ককটেল।
এ ছাড়া সিলেটে দুটি স্থানে পুলিশকে লক্ষ্য করে চারটি ককটেল ছুড়েছে হরতাল-সমর্থকেরা। বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অন্য যানবাহনে বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে কুমিল্লার সৈয়দপুরে দুটি বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। ফেনীতে আগুন দেওয়া হয় চারটি অটোরিকশায়। ভাঙচুর করা হয় তিনটি ট্রাক ও কাভার্ড ভ্যান। বগুড়ায় অগ্নিসংযোগ করা হয় ছয়টি যানবাহনে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির গতকাল ছিল ২৭তম দিন। এদিন ১৪টি জেলার ২৮টি স্থানে সহিংসতার ঘটনা ঘটে। গত রাত সাড়ে নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪টি গাড়িতে করা হয় পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ। ভাঙচুর করা হয় অন্তত ১৪টি। নাশকতার আশঙ্কা, সহিংসতায় জড়িত থাকার অভিযোগ, মামলা ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয় ৩১২ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ চলছে ২০ দলের ডাকে। তবে এর দুই দিন আগেই শুরু সহিংসতার। গত ২৮ দিনের এই সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ জন। আগুন দেওয়া হয়েছে ৩৯৫টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় আরও ৪৪৯টি।
দগ্ধ একজনের মৃত্যু: নয় দিন অসহনীয় যন্ত্রণা ভোগের পর অবশেষে মারা গেলেন যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ নূরে আলম। গতকাল বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। গত ২৩ জানুয়ারি ওই বোমা হামলায় দগ্ধ হন নূরে আলম ছাড়াও আরও ২৭ যাত্রী।
ট্রেনে বোমা হামলা: ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে হরতাল-সমর্থকেরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকায় চলন্ত ট্রেনটিকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে তারা। এ সময় ট্রেনের দরজা-জানালা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় তারাও পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছোড়া শুরু করে। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। পরে তা কালীবাড়ি মোড় ও পাওয়ার হাউস সড়কেও ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলে এ সংঘর্ষ। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে পুলিশ কনস্টেবল আনিছুর রহমানসহ অন্তত ১২ জন আহত হন। আনিছুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে ময়মনসিংহে গত শনিবার রাতে ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। জামালপুর রেলওয়ে থানা সূত্র জানায়, যমুনা এক্সপ্রেস রাত ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পার হয়ে তিনকোনা পুকুরপাড় এলাকায় এলে দুর্বৃত্তরা ট্রেনটিতে পেট্রলবোমা ছোড়ে। একই সঙ্গে পাথরও নিক্ষেপ করতে থাকে। এতে দুই যাত্রী আহত হন। পেট্রলবোমার কিছু অংশ ট্রেনের পাওয়ার কারে পড়ে সেখানে আগুন ধরে যায়। ট্রেনটিতে থাকা রেলকর্মী ও আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন।
রেলের ময়মনসিংহ অঞ্চলের পরিবহন পরিদর্শক হামিদুল হককে প্রধান করে ওই নাশকতার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাধারণ ডায়েরি করা হয়েছে জামালপুর রেলওয়ে থানায়।
বিদ্যুৎকেন্দ্রে হামলা: নওগাঁয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে শনিবার রাত নয়টার দিকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। কার্যালয়ের দোতলায় সহকারী প্রকৌশলীর কক্ষের পেছন থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। এতে স্থানটিতে আগুন ধরে যায়। কার্যালয়ের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
কিশোরগঞ্জ শহরে আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে শনিবার রাত সোয়া নয়টার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম দাবি করেন, ‘বিস্ফোরণটি ককটেলের ছিল না। ভীতি ছড়ানোর জন্য কেউ পটকা ফাটিয়ে থাকতে পারে।’
চাঁদপুর শহরেও গতকাল ভোরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বিদ্যুৎকেন্দ্রের সামনে দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শ্রমিক-কর্মচারীরা। শনিবার রাতে মডেল থানার সামনে, পুরান বাজার ও বাবুরহাট এলাকায় পাঁচটি ককটেল ফাটানো হয়।
ঢাকার বাইরের আরও চিত্র: লক্ষ্মীপুর শহরের নতুন সরকারি মহিলা কলেজ এলাকায় গত রত নয়টার দিকে যত্রীবাহী অটোরিকশায় পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে তিন যাত্রী আশেক, সুমন হোসেন, আবদুল করিম ও অজ্ঞাতনামা চালক দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চালকের অবস্থা গুরুতর। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সারবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক ও তাঁর সহকারী দগ্ধ হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ দুজন হলেন পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকার ট্রাকচালক মহব্বত মিয়া (৪৫) ও তাঁর সহকারী একই এলাকার জেলাল মিয়া (৩০)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় শনিবার রাত সোয়া ১২টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী এস আলম ও ঢাকা থেকে নোয়াখালীগামী জোনাকি পরিবহনের দুটি বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে হামলার আগমুহূর্তে যাত্রীরা কোনো রকমে বাস থেকে নেমে রক্ষা পান। বাস দুটির বেশির ভাগ অংশই পুড়ে গেছে।
বগুড়ায় ছয়টি গাড়ি পোড়ানো হয়েছে। গতকাল দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের বারপুর এলাকায় পণ্যবাহী একটি ট্রাক ও বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি খালি ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে শনিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের নিশিন্দারা এলাকায় আলুবাহী ট্রাক, মোকামতলা-রহবল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা হয়। এ ছাড়া মহাস্থানগড় ও বগুড়া শহরের সেন্ট্রাল স্কুলের সামনে আরও দুটি অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফেনী শহরের ট্রাংক রোডে খেজুর চত্বরে গতকাল সকালে চারটি অটোরিকশায় আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। এ ছাড়া শহরের তাকিয়া রোডে দুটি ট্রাক ও ফেনী-সোনাগাজী সড়কের বক্তার মুন্সি কলেজের পাশে একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করে তারা। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া গত রাত আটটার দিকে হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সোনাগাজী পৌর এলাকায় মিছিল থেকে ২৫-৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটান।
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত একটার দিকে কিশোরগঞ্জ-চামড়া সড়কের নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাইক্রোবাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি।
পিরোজপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত বাসে শনিবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া রাতে মঠবাড়িয়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিএনপি-জামায়াতের ৫৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতিতে অটোরিকশায় পেট্রলবোমা হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের ১১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করেছে পুলিশ।
সিলেট নগরের সাগরদীঘির পাড় ও সুবিদবাজার এলাকায় গতকাল বিকেলে পুলিশকে লক্ষ্য করে চারটি ককটেল ছুড়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ভাঙচুর করা হয় পাঁচটি অটোরিকশা।
হবিগঞ্জে শহরের ভাদৈ ও কোর্ট স্টেশন এলাকায় গতকাল দুপুরে দুটি ট্রাকে আগুন দেয় পিকেটাররা। এ সময় ভাঙচুর করা হয় পাঁচটি যাত্রীবাহী বাস। বেলা তিনটার দিকে শহরের বাণিজ্যিক এলাকায় দুটি হাতবোমারও বিস্ফোরণ ঘটায় তারা।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}