৩৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত, তিন মাসের মধ্যে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির আওতাধীন ৪১টি ওয়ার্ড কমিটির মধ্যে ৩৯টিই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে এসব ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে চট্টগ্রাম নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
গতকাল সোমবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব ঘোষণা দেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম (বক্কর)। গত ৬ আগস্ট কেন্দ্র থেকে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি, জ্যেষ্ঠ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। তবে গতকালের সভায় নগর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান উপস্থিত ছিলেন না।
সভায় শাহাদাত হোসেন বলেন, নগরের ৪১টি ওয়ার্ড কমিটির মধ্যে দুটির মেয়াদ এখনো দেড় বছর বাকি আছে। ওই দুটি ওয়ার্ডে (কাট্টলী ও উত্তর পাহাড়তলী) সম্মেলন পরে হবে। ৩৯টি ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঠিক করা হয়েছে। বাকি সাতটি ওয়ার্ডের আহ্বায়ক আগামী ১ অক্টোবরের মধ্যে ঠিক করা হবে। সভায় তিনি ৩২টি ওয়ার্ডের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের নাম পড়ে শোনান।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি বলেন, আগামী ডিসেম্বরের শুরু থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে সম্মেলন করা হবে। এক দিনে দু-তিনটি ওয়ার্ডের সম্মেলন করা হবে। তিনি বলেন, ওয়ার্ড কমিটি হবে ১০১ সদস্যের। প্রতিটি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে নির্বাচন হবে। গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে তৃণমূলে নেতা নির্বাচিত করা হলে দল সুসংগঠিত হবে। ওয়ার্ড কমিটি গঠনের পর পর্যায়ক্রমে থানা কমিটি গঠন করা হবে।
পূর্ণাঙ্গ নগর কমিটি কখন হবে, সাংবাদিকদের এ প্রশ্নে শাহাদাত হোসেন বলেন, এক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে। কমিটি অনুমোদনের ক্ষমতা কেন্দ্রের ওপর নির্ভর করছে।
নগর কমিটির তিনজনের নাম ঘোষণার পর থেকে কোনো অনুষ্ঠানে জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ানকে কেন দেখা যায় না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন বলেন, ‘উনি (সুফিয়ান) আমাদের সঙ্গে আন্তরিকভাবে আছেন। উনি যদি না থাকতেন, তাহলে তো নাম ঘোষণার পর পদত্যাগ করতেন।’
চট্টগ্রামের আরেক নেতা ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে এবারও স্থায়ী কমিটিতে রাখা হয়নি, এ বিষয়ে নগর বিএনপির মনোভাব কী তা জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, ‘স্থায়ী কমিটিতে এখনো দুটি পদ খালি আছে। আমরা আশা করব, চট্টগ্রামে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা স্থায়ী কমিটিতে স্থান পাবেন।’
মতবিনিময় সভায় ডবলমুরিং থানা বিএনপির সভাপতি সাইফুল আলম, বন্দর থানা বিএনপির সভাপতি এম এ আজিজ, চট্টগ্রাম নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম, যুবদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক কাজী বেলাল, ছাত্রদলের
সভাপতি গাজী সিরাজ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।