৪০ দিন পর মামলা অপরাধীদের আড়ালের চেষ্টা: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ৪০ দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে রহস্যজনক আখ্যা দিয়েছে বিএনপি। দলটির দাবি, এটা প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা।

আজ বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ ও দুজন ডেপুটি গভর্নরের অপসারণের মধ্য দিয়ে নেপথ্যের গডফাদারদের লুকিয়ে রাখা যাবে না।

রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা বাতাসে মিলিয়ে যাওয়ার মতো ঘটনা দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। একই সময়ে তিতাস গ্যাসের তিন হাজার ১০০ কোটি টাকা লোপাটের মতো চাঞ্চল্যকর ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। সারা দেশ এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগে তারা জনগণের টাকা আত্মসাৎ করে রাখছে যাতে পালানোর মতো অবস্থার সৃষ্টি হলে এই টাকাগুলো কাজে লাগানো যায়।

রিজভী জানান, ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনেই হবে বিএনপির জাতীয় কাউন্সিল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের পর গতকাল মঙ্গলবার তাঁরা পুলিশেরও অনুমতি পেয়েছেন। পাশাপাশি তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহারেরও অনুমতি চেয়েছেন। তাঁরা সেই অনুমতির অপেক্ষায় আছেন।