৪০ বছরের পুরোনো বিতর্কে আ.লীগ ও জাসদ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ৪০ বছর পার হয়ে গেছে। কিন্তু এ ঘটনা নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে শাসক দল আওয়ামী লীগ ও এর শরিক জাসদের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে। গতকাল বুধবারও এ বিতর্কে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। যার সূত্রপাত করেছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক দেখা দেওয়ায় শাসক জোট ১৪ দল বিব্রতকর অবস্থায় পড়েছে। পরিস্থিতি সামলাতে জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে জরুরি বৈঠকও হয়েছে জোটের।
গতকাল সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি শুধু বলব, হঠাৎ করে জাসদকে নিয়ে ঘাঁটাঘাঁটি কেন শুরু করলেন, আমি জানি না। বিএনপি ও আওয়ামী লীগের কতিপয় নেতা একই ভাষায় একই ধরনের সমালোচনার যোগসূত্র কী, এটাও আমি জানি না।’ তিনি বলেন, জাসদের বিরুদ্ধে বিষোদ্গার ১৪ দলের ঐক্য নষ্টের ষড়যন্ত্র।
জাসদের সভাপতি বলেন, ‘৭৫-পরবর্তী সময়ে মোশতাক সরকারের রোষানলে পড়েছিল জাসদ। জাসদের কী ভূমিকা, আমার কী ভূমিকা, কর্নেল তাহেরের কী ভূমিকা এটা পত্রপত্রিকা, রেডিও-টেলিভিশনে প্রকাশিত ও প্রচারিত। জাসদের আনুষ্ঠানিকভাবে একটি প্রচারপত্র বিলি করার মধ্য দিয়ে সেই সময়ে আমরা খুনি মোশতাক সরকারের বিরোধিতা করেছিলাম। এই বিরোধিতার কারণে খন্দকার মোশতাকের ৮৩ দিনের শাসনকালে জাসদের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি ৭০-এর অধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে।’
শেখ সেলিমের বক্তব্য নিয়ে ১৪ দলের অন্য শরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। হঠাৎ কেন এ বক্তব্য এল তা নিয়ে তাদের মধ্যে নানা কথাবার্তা হচ্ছে। ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় শেখ সেলিমের বক্তব্যকে ‘ক্ষোভের প্রকাশ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘জোট করার সময় এটা আমরা জেনেশুনেই করেছি।’
রাশেদ খান মেনন বলেন, ইতিহাস একেক জন একেক দৃষ্টিতে দেখেন। ইতিহাস দেখার মধ্যে মতপার্থক্য আছে। এ ধরনের বক্তব্যে জোটে সমস্যা হতে পারে। তিনি বলেন, এ ধরনের বিতর্কে অন্যরা সুবিধা নিতে পরে, যা ইতিমধ্যে বিএনপি নিয়েছে।
গত রোববার ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় শোক দিবসের এক আলোচনায় শেখ সেলিম বলেন, জাসদই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিল। স্বাধীনতাবিরোধীরা কখনো বঙ্গবন্ধুর ওপর আঘাত হানতে পারত না, যদি গণবাহিনী ও জাসদ বঙ্গবন্ধুর বিরোধিতা করে বিভিন্ন জায়গায় ডাকাতি করে, মানুষ হত্যা করে, এমপি মেরে পরিবেশ সৃষ্টি না করত। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় তৎকালীন সেনাপ্রধান কে এম সফিউল্লাহর ভূমিকারও সমালোচনা করেন শেখ সেলিম।
গতকাল এ বিষয়ে যোগাযোগ করা হলে শেখ সেলিম বলেন, ‘কী পরিস্থিতিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেই প্রেক্ষাপট বলেছি। এ কথা যদি কারও গায়ে লাগে এটা তার ব্যাপার।’
শেখ সেলিমের প্রথম বক্তব্যের পর বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ভূমিকা স্পষ্ট করার দাবি জানান। একই দিন জাসদের পক্ষ থেকে কড়া বিবৃতি দেন দলের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া।
শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে একই সুরে জাসদের সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আওয়ামী লীগ নেতা এ বি তাজুল ইসলাম। গতকালও রাজধানীতে এক অনুষ্ঠানে হানিফ আবার বলেন, ইতিহাস ইতিহাসই। ১৪ দল আদর্শিক জোট। এর ঐক্য অটুট থাকবে। আর তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের সময় জাসদের বিভিন্ন নেতা ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আজ তাদের সঙ্গে আমাদের রাজনীতি করতে হচ্ছে—এটা খুবই মর্মান্তিক।’
১৪ দল গঠনের ১১ বছরের মাথায় হঠাৎ করে এ বিতর্ক সৃষ্টির পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের কথা বললেও দল ও জোটে বিশৃঙ্খল পরিস্থিতির কথা অস্বীকার করছেন না আওয়ামী লীগের নেতারা। শীর্ষস্থানীয় নেতাদের বারবার সতর্কতামূলক বক্তব্য সত্ত্বেও নিজেদের ঘর ও জোট সামলাতে হিমশিম খেতে হচ্ছে দলের নীতিনির্ধারকদের। এখনই দল ও জোটে শৃঙ্খলা ফেরাতে না পারলে ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
১৪-দলীয় সূত্র জানায়, পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত মঙ্গলবার রাতে ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে জোটের জরুরি বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়াসহ আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা।
বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিস্থিতি উত্তরণে আওয়ামী লীগ ও ১৪ দলের মধ্যে সমন্বয় করার জন্য জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে। এ ছাড়া বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে আওয়ামী লীগে একজন মুখপাত্র নির্ধারণ করে দেওয়ার কথাও ওঠে। বৈঠকে মোহাম্মদ নাসিম নানামুখী ষড়যন্ত্রের কথা তুলে ধরে জোটের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। মোহাম্মদ নাসিম গতকাল বুধবার সরকারি সফরে দিল্লি গেছেন। ৩১ আগস্ট দেশে ফিরে আবারও তিনি ১৪ দলের বৈঠক ডাকবেন বলে জানা গেছে।