৪০ বিশিষ্ট নাগরিককে সংলাপে আমন্ত্রণ জানাচ্ছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপ করছে
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শিক্ষাবিদদের পর আগামী ২২ মার্চ দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপে ৪০জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার থেকে বিশিষ্ট নাগরিকদের সংলাপের আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। এই ৪০ জনের বাইরে আরও নাম যুক্ত হতে পারে। আগামী ২৯ মার্চ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার লক্ষ্যে এই সংলাপ করছে ইসি। সংলাপে আসা প্রস্তাব ও পরামর্শগুলোর ভিত্তিতে নিজেদের কর্মপন্থা ঠিক করবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। নতুন এই কমিশন দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় গত রোববার থেকে সংলাপ শুরু করেছে। প্রথম দিনের সংলাপে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাতে অংশ নিয়েছিলেন ১৩ জন, বাকী ১৭জন উপস্থিত হননি। সংলাপে অংশ না নেওয়াদের মধ্যে তিনজন অধ্যাপক প্রথম আলোকে বলেছিলেন, অতীত অভীজ্ঞতা থেকে তাঁরা মনে করছেন এই সংলাপ অর্থবহ কিছু হবে না।

২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে তা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (জনসংযোগ) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আগামী ২২ মার্চ সকাল ১১ টায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে। তাঁরা ইতিমধ্যে বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানোর কার্যক্রম শুরু করেছেন।

ইসি সূত্র জানায়, যে ৪০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হচ্ছে তাঁদের মধ্যে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আটজন উপদেষ্টা এম হাফিজ উদ্দীন খান, মির্জা আজিজুল ইসলাম, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, রোকেয়া আফজাল রহমান, হোসেন জিল্লুর রহমান এবং আব্দুল মুয়ীদ চৌধুরী।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, তিনি আজ সন্ধ্যায় আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন। তবে সংলাপে যাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
ইসি সূত্র জানা গেছে, ইসির আমন্ত্রণের তালিকায় আরও আছেন সুশাসনের জন্য নাগরিক–সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, সিপিডির সম্মানিত ফেলো রওনক জাহান ও মোস্তাফিজুর রহমান, আইনজীবী শাহদীন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দীন আহমদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার সৈয়দ আনোয়ার হোসেন, সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গোলাম হোসেন, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, তিনি এখনো আমন্ত্রণপত্র হাতে পাননি। তবে ২২ মার্চ তিনি ঢাকার বাইরে থাকবেন। তিনি বলেন, সংলাপের কোনো বিকল্প নেই। কিন্তু ইসি যে সংলাপের আয়োজন করেছে তা বেশ আগেভাগে হয়ে গেছে। আর গণহারে সংলাপ করে লাভ হবে না। নির্বাচন কমিশনের আরও প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল। গত দুটি জাতীয় নির্বাচন পর্যালোচনা করে কী কী সমস্যা তা চিহ্নিত করা দরকার ছিল।

ইসি সূত্র জানায়, ইসি যাদের আমন্ত্রণ জানাচ্ছে তার মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, আবুল বারকাত, আমেনা মহসিন, কাবেরী গায়েন, রোবায়েত ফেরদৌস, এসএম শামীম রেজা ও শেখ হাফিজুর রহমান। এছাড়া তালিকায় আরও আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালি উর রহমান, নিজেরা করি–র সমন্বয়ক খুশী কবির, বাংলাদেশ ইনডিজিনাস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গভর্নেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট জহুরুল আলম, নিরাপত্তা বিশ্লেষক আব্দুল হাফিজ, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান ও লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনহা এম এ সাঈদ।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, আমন্ত্রণ পেলে দেখবেন কাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারপর অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, সংলাপের প্রয়োজন আছে। তাঁরা (ইসি) কীভাবে নির্বাচন করতে চান সেটা জানার আছে। আগের দুটি নির্বাচন ব্যর্থ হয়েছে এটা তাঁরা উপলব্ধি করেন কি না সেটাও জানা প্রয়োজন। যদি তাঁরা ব্যর্থতাটা উপলব্ধি করতে না পারেন তাহলে সামনে এগিয়ে যাওয়া কষ্টকর হবে।