৫ জানুয়ারি কর্মীদের মাঠে থাকতে বললেন নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম দলের কর্মীদের আগামী ৫ জানুয়ারি মাঠে থাকতে বলেছেন। তিনি বলেছেন, ওই দিন বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না। 
আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন। প্রায় নয় বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।
মোহাম্মাদ নাসিম বলেন, আওয়ামী লীগ নির্বাচিত সরকার। ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ল হতো। সংবিধান থাকত না। আগামী নির্বাচন নির্দিষ্ট সময়ে শেখ হাসিনার অধীনেই হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা অশ্রদ্ধা করে, কটূক্তি করে, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। কোনো বৈঠকও হবে না। তাদের আগে ক্ষমা চাইতে হবে। তারপর আমরা চিন্তা করে দেখব।’ বিএনপিকে ডোবানোর জন্য খালেদা জিয়ার পুত্রই যথেষ্ট বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। 
বিগ্রেডিয়ার (অব.) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংসদ লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, রাজশাহীর সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, সাংসদ আবদুর রহমান, আবদুল ওদুদ, গোলাম মোস্তফা বিশ্বাস, গোলাম রাব্বানী, আখতার জাহান প্রমুখ।