৫ জানুয়ারি কাউকে মাঠে নামতে দেওয়া হবে না: মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

৫ জানুয়ারি রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে মাঠে নামতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, ‘৫ জানুয়ারি নয়, ১ জানুয়ারি থেকেই দলের নেতা-কর্মীদের রাজধানীর পাড়ায়-মহল্লায় সতর্ক অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ৫ জানুয়ারি আওয়ামী লীগ ছাড়া কাউকে মাঠে নামতে দেওয়া হবে না।’
আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘প্রতিটি ঘরে, পাড়ায় ও মহল্লায় আপনারা সতর্ক থাকবেন। খোঁজ-খবর রাখবেন, যাতে খালেদা জিয়ার জঙ্গি ও দুষ্কৃতকারীরা লুকিয়ে থাকতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে।’ তিনি আরও বলেন, ‘কী বলেন ভাইয়েরা, ৫ জানুয়ারি কি রাস্তায় থাকবেন না? যেখানেই এই দুষ্কৃতকারীদের দেখবেন, সেখানেই ধরে এমন বুঝিয়ে দিবেন, যাতে জীবনে আর কোনো দিন মাঠে নামার নাম না লয়।’
জামায়াত ছাড়া বিএনপির দেশে-বিদেশে আর কোনো বন্ধু নেই, দাবি করে মায়া বলেন, ‘৫ জানুয়ারিকে অমরা গণতন্ত্রের বিজয় দিবস নাম দিয়ে এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আগে থেকেই কর্মসূচি ঘোষণা করেছি। আর মির্জা ফখরুল সাহেব হঠাৎ করে ৫ জানুয়ারি সমাবেশ ঘোষণা করলেন। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। অনেক হুমকি-ধমকি দিয়েছেন। বোরকা পরে আদালতে আর বাইকের পিছনে চড়ে মিছিল থেকে পালানো লোক দিয়ে আন্দোলন হয় না।’
আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।