৫ জানুয়ারি কাগুজে বাঘদের খুঁজে পাওয়া যাবে না: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকি-ধামকি দিলেও ৫ জানুয়ারি বিএনপির ‘কাগুজে বাঘদের’ খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘৫ জানুয়ারি কোন সংঘাত হবে না। অনেক কিছু করে ফেলবে বলে যারা হুমকি-ধামকি দিচ্ছেন সেই মিডিয়াবাদ ও কাগুজে বাঘদের ৫ জানুয়ারি খুঁজেও পাওয়া যাবে না।’
শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে হানিফ এ মন্তব্য করেন। ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কর্মসূচি পালন করার জন্য এ যৌথসভার আয়োজন করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, ৫ জানুয়ারি আওয়ামী লীগ ঢাকাসহ সারাদেশে বিজয় র্যা লি করবে। আর বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানসহ ঢাকার ১৬টি স্পটে গণতন্ত্রের বিজয়ে সমাবেশ করবে। এতে কেন্দ্রীয় নেতারা পৃথক পৃথকভাবে অংশ নেবেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সারাদেশের জেলা ও উপজেলাগুলোতেও সমাবেশ করবে। আর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের জনসভা করার ঘোষণা দেয় দলটি। ওই সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি আইনের শাসন মানে না দাবি করে হানিফ বলেন, ‘কে সমাবেশ করবে আর কে সমাবেশ করবে না সে অনুমতি দিবে প্রশাসন। সকালে (শুক্রবার) বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন তারা ৫ জানুয়ারি সমাবেশ করবেনই। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছেন তারা আইনের শাসন মানেন না। এ বক্তব্য উসকানিমূলক। আওয়ামী লীগ এ ধরণের বক্তব্য বরদাস্ত করবে না। সবাই ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তির মোকাবিলা করবে।
যৌথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও দলটির ঢাকার বিভিন্ন আসনের সাংসদগণ উপস্থিত ছিলেন।