৫ জানুয়ারি ঘিরে আগাম উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের প্রথম বর্ষপূর্তিকে ঘিরে রাজনীতিতে আগাম উত্তেজনা দেখা দিয়েছে। গাজীপুরে ২৭ ডিসেম্বরের জনসভাকে ঘিরে এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি হয়ে পড়েছে। গতকাল বুধবার খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজারে দুই পক্ষের সরব উপস্থিতি ও সংঘর্ষের ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
সরকারি সূত্রগুলো জানায়, গতকাল পুরান ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের বড় জমায়েত সরকারকে কিছুটা ভাবনায় ফেলেছে। এ কারণে ২৭ ডিসেম্বর গাজীপুরে ও ৫ জানুয়ারি ঢাকায় বিএনপিকে কোনো কর্মসূচি পালন করতে না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। আর ৩ জানুয়ারি বিএনপিকে রাজধানীতে জনসভার অনুমতি দেওয়া হবে কি না, সে সম্পর্কে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে বিএনপির সূত্রগুলো বলছে, তারা ৩ ও ৫ জানুয়ারি রাজধানীতে জনসভা করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। জনসভা করতে না দিলে হরতাল আহ্বানের নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে। বিএনপি ৩ ও ৫ জানুয়ারি মতিঝিলের শাপলা চত্বর, নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যান—এ তিনটি স্থানের একটিতে জনসভার অনুমতি চেয়ে ইতিমধ্যে আবেদন করেছে। গতকাল পর্যন্ত অনুমতি পায়নি।
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কথা বলে জানা গেছে, ৫ জানুয়ারি ঢাকায় বিএনপিকে নামতে দেওয়া হবে না। ওই দিন সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করা ছাড়াও ঢাকার রাজপথ দখলে রাখার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। ঢাকার সব ওয়ার্ডে কর্মীদের সতর্ক অবস্থান এবং থানায় থানায় মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সাংসদদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে কর্মসূচি তদারক করতে বলা হয়েছে।
এ ছাড়া বিএনপির আন্দোলনের হুমকিকে এতদিন হালকাভাবে নিলেও গতকালের জমায়েত দেখে সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর জরুরি বৈঠক ডাকা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিএনপিকে এ ধরনের নৈরাজ্য ঘটানোর আর কোনো সুযোগ দেওয়া হবে না। নৈরাজ্যের আভাস পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র দাবি করে, খালেদা জিয়ার আদালতে যাওয়ার পথে গতকাল নেতা-কর্মীদের অঘোষিত জমায়েত দলের শীর্ষস্থানীয় নেতারা আশাবাদী হয়েছেন। এদিন কর্মীরা যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে না জড়ায়, সে জন্য আগে থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। এ কারণে পুলিশ ও সরকারদলীয়দের হামলার মুখেও পাল্টা আক্রমণে যায়নি তারা।
প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি জানান, ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপির পূর্বঘোষিত জনসভাস্থলে মঙ্গলবার রাতে বিএনপির লাগানো ব্যানার-ফেস্টুনে আগুন দিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই রাতেই কলেজ মাঠের পূর্ব পাশে ছোট শামিয়ানা টানিয়ে তাতে ছাত্রলীগ তাদের বিক্ষোভ সমাবেশের ব্যানার টানিয়ে দেয়।
ছাত্রলীগের সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ গতকাল প্রথম আলোকে বলেন, গাজীপুরে খালেদা জিয়াকে সমাবেশ করতে দেওয়া হবে না। সেখানে ছাত্রলীগ সমাবেশ করবে। বঙ্গবন্ধুকে কটূক্তি করার জন্য তারেক রহমান প্রকাশ্যে ক্ষমা চাইলে ছাত্রলীগ কর্মসূচি প্রত্যাহার করবে।
ছাত্রলীগের প্রতিহত করার ঘোষণা সত্ত্বেও বিএনপি গাজীপুরে জনসভা করবেই বলে গতকাল ঢাকায় সাংবাদিকদের বলেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গাজীপুরে দুই পক্ষই অনড়: প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি জানান, ২৭ ডিসেম্বর গাজীপুরে সমাবেশ করতে বিএনপি ও ছাত্রলীগ—দুই পক্ষই অনড় অবস্থানে রয়েছে। ছাত্রলীগ যেকোনো মূল্যে খালেদা জিয়ার গাজীপুরে আগমনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে গতকালও সেখানে দিনভর বিক্ষোভ মিছিল ও প্রচারণা চালিয়েছে। অপরদিকে জনসভা সফল করতে ছাত্রদলও মিছিল করেছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, ২৭ ডিসেম্বরের জনসভা করার জন্য দুই পক্ষই আবেদন করেছে। আবেদনগুলো পুলিশ দেখছে। তিনি বলেন, ‘দুই পক্ষই যদি জনসভার নামে অরাজকতা-বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায়, তাহলে আমরা কাউকে ছাড় দেব না।’
গতকাল দুপুরে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যেকোনো মূল্যে জনসভার করা ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে জনসভার কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকারদলীয় একটি সংগঠন সভা প্রতিহতের হুমকি দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়ার পরিস্থিতির চেষ্টা করছে।’ তিনি অভিযোগ করেন, যাঁরা শান্তিপূর্ণভাবে সভা করতে চাচ্ছে, পুলিশ প্রশাসন তাঁদের সহযোগিতা না করে বিশৃঙ্খলাকারীদের সঙ্গে আঁতাত করছে।
সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান, সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।