৫ জানুয়ারি 'গণতন্ত্রের বিজয় দিবস' পালন করবে আ.লীগ
আগামী ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ দিন ঢাকাসহ সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় স্থানীয় সাংসদদের নেতৃত্বে মিছিল-সমাবেশ করা হবে।
গতকাল শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক যৌথ বৈঠকে ৫ জানুয়ারির কর্মসূচি ঠিক করা হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপিসহ বিরোধী পক্ষ নানা কর্মসূচি পালন করবে। ওই সব কর্মসূচিকে ছাপিয়ে যাতে সরকারি দলের কর্মসূচি সবার নজরে আসে, সেই বিষয়ে নেতা-কর্মী ও সাংসদদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বৈঠকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা হয়। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি জনসভা করারও সিদ্ধান্ত হয় বৈঠকে।
সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ ব্রিফিং করেন। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। এ নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকট দেখা দিতো, ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো।
হানিফ বলেন, অনেকে মনে করেছিলেন, নির্বাচনের পরে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের পর দেশে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে। এ কারণে দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে সারা দেশে মিছিল-সমাবেশের মধ্য দিয়ে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ব্যাপক গণজমায়েতের মাধ্যমে জনসভা করা হবে। ১৬ ডিসেম্বর প্রতিবছরের মতো বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা বের করা হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভা হবে। একই স্থানে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সতীশ চন্দ্র রায়, মোফাজ্জল হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আবদুস সোবহান গোলাপ, আবদুল মতিন খসরু প্রমুখ। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের শীর্ষ নেতা এবং ঢাকার বিভিন্ন আসনের সাংসদেরা বৈঠকে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’-এর কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।