৫ জানুয়ারি সমাবেশ করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বিএনপি এবারও ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে। এদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।
আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দুই বছর আগে ৫ জানুয়ারি নির্বাচনের নামে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জনগণের ভোট ছাড়াই নির্বাচন করা হয়েছে। প্রায় সব কয়টি রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরে একটা প্রহসনমূলক নাটকের মধ্য দিয়ে সরকার গঠন করা হয়েছিল। সেই সরকার এখনো আছে। এটাকে আমরা গণতন্ত্র হত্যা দিবস বলে চিহ্নিত করেছিলাম। গণতন্ত্রকে সেদিন হত্যা করা হয়েছিল। জনগণ ভোটের মাধ্যমে রায় দিতে পারেনি।’
মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তাঁরা আশা করছেন, অনুমতি পাবেন। এই জনসভাকে সফল করে গণতন্ত্রকে নিয়মতান্ত্রিকভাবে চালাতে সরকার অবদান রাখবেন। ঢাকার সঙ্গে সারা দেশের জেলা কমিটিকে এই কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করবে বিএনপি। ওই দিন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতারা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন। একটি আলোচনা সভারও আয়োজন করা হবে। এর স্থান ও সময় পরে জানানো হবে। দিনটি উপলক্ষে ওই দিন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সারাদেশের দলীয় কার্যালয় দলের পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হবে। 

সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য কালবিলম্ব না করে এখনই আলোচনায় বসতে হবে। না হলে যে আশঙ্কা দেখা দিয়েছে, এতে জঙ্গিবাদ ঠেকানো কঠিন হয়ে পড়বে।
মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, কেন্দ্রীয় নেতা জয়নাল আবদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সৈয়দ এমরান সালেহ, আবদুল লতিফ, শামীমুর রহমান, আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।