৫ জানুয়ারিতে আ.লীগেরও কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করতে আওয়ামী লীগও ৫ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ ১৮টি স্থানে কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া সারা দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শোভাযাত্রা ও সভা-সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি। 

আজ শনিবার রাতে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
এর আগে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলটির ওই কর্মসূচির পর একই স্থানসহ সারা দেশে পাল্টা কর্মসূচি ঘোষণা করল ক্ষমতাসীন দল।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে পরপর দুবছর (২০১৪ ও ২০১৫) দেশে সহিংস পরিবেশের সৃষ্টি হয়। এই দিনটিকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি নিজ নিজ অবস্থানে অনড় থেকে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবারও পাল্টাপাল্টি কর্মসূচিতে গেল দল দুটি।

আওয়ামী লীগের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্রের বিজয় দিবস পালন করার লক্ষ্যে ৫ জানুয়ারি ঢাকাসহ সব মহানগর এবং জেলা-উপজেলা শহরে দলটি শোভাযাত্রা ও সভা-সমাবেশ করবে। ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে একযোগে এ কর্মসূচি শুরু হবে বেলা আড়াইটায়।

রাজধানীর বিভিন্ন এলাকার কর্মসূচিতে যাঁরা নেতৃত্ব দেবেন:
মিরপুর-১২ পূরবী সিনেমা হল এলাকায় সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় নেতা এস. এম কামাল হোসেন ও সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ; শ্যামপুর-জুরাইন রেলগেট এলাকায় আহমদ হোসেন, মমতাজ উদ্দিন মেহেদী, এ কে এম এনামুল হক শামীম ও সাংসদ সানজিদা খানম; ডেমরা-যাত্রাবাড়ী মাঠ এলাকায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সাংসদ হাবিবুর রহমান মোল্লা; বাড্ডা-রামপুরা পেট্রল পাম্প এলাকায় ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, আফজাল হোসেন ও এ কে এম রহমতউল্লাহ; ধানমন্ডি-৩২ নম্বর রোড এলাকায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, আবদুস সোবহান গোলাপ, বদিউজ্জামান ভূঁইয়া, দেওয়ান শফিউল আরেফীন ও শেখ ফজলে নূর তাপস; মিরপুর-১ নম্বর (গোলচত্বর) এলাকায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আখতারুজ্জামান ও আসলামুল হক আসলাম; লালবাগ এলাকায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এম এ আজিজ, মোস্তফা জালাল মহিউদ্দিন ও মৃণাল কান্তি দাস; গুলশান এলাকায় শেখ ফজলুল করিম সেলিম, আবু সাঈদ আল মাহমুদ ও আমিনুল ইসলাম; সূত্রাপুর এলাকায় খালিদ মাহমুদ চৌধুরী ও সুজিত রায় নন্দী; তেজগাঁও এলাকায় কাজী জাফর উল্লাহ, হাছান মাহমুদ ও আব্দুছ ছাত্তার; সবুজবাগ-খিলগাঁওয়ে নূহ-উল-আলম লেনিন, আবদুর রহমান ও আবদুল মান্নান খান; উত্তরায় সাহারা খাতুন ও কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান; কামরাঙ্গীরচরে সতীশ চন্দ্র রায়, ফজিলাতুন নেসা ইন্দিরা ও কামরুল ইসলাম; মোহাম্মদপুর-টাউন হল এলাকায় সুরঞ্জিত সেনগুপ্ত, জাহাঙ্গীর কবির নানক, ফরিদুন্নাহার লাইলী ও মির্জা আজম; কাফরুলে দীপু মনি, ইয়াফেস ওসমান ও বি এম মোজাম্মেল হক; গুলিস্তান-বঙ্গবন্ধু স্কয়ারে মেয়র সাঈদ খোকন ও হাবিবুর রহমান সিরাজ; বনানী-মহাখালীতে মেয়র আনিসুল হক ও শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
আর সোহরাওয়ার্দী উদ্যানে থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মাহবুব-উল-আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ্ উদ্দিন সিরাজ, অসীম কুমার উকিল প্রমুখ। এ ছাড়া একই স্থানে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর, জেলা-উপজেলায় ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি সফল করার জন্য দলের নেতা কর্মীদের অনুরোধ জানিয়েছেন।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি সফল করার জন্য আগামীকাল রোববার বিকেল তিনটায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সাংসদ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের যৌথসভা হবে।

আরও পড়ুন: