আগামী ৫ জানুয়ারি সারা দেশে একটি অভিনব কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিএনপি। তবে কর্মসূচি গতকাল সোমবার পর্যন্ত চূড়ান্ত হয়নি। চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দিনটি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর পাল্টা কর্মসূচি হিসেবে ‘গণতন্ত্রের হত্যা দিবস’ পালন করবে বিএনপি।
দলীয় সূত্র জানায়, ২৭ ডিসেম্বর গাজীপুরের বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০-দলীয় জোটের সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর আগে ২৩ ডিসেম্বর গাজীপুরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। ওই দিন গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর থাকায় সমাবেশ পিছিয়ে দেওয়া হয়।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, গাজীপুরের সমাবেশের আগে অথবা পরে মানিকগঞ্জেও আরেকটি সমাবেশ করার চিন্তা রয়েছে। এর আগে দলের নীতি-নির্ধারকেরা ৫ জানুয়ারির আগে ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা ও বরিশালে রোডমার্চ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এর মধ্যে ঘন কুয়াশার কারণে ২৩ ডিসেম্বর ঝিনাইদহের জনসভা স্থগিত করা হয়েছে।