৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিতর্কের অবকাশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। যারা এই নির্বাচন নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তারা গণতন্ত্র, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। দলটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে দুই নেতা বলেন, ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার নির্বাচন। সেই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হত্যা-খুন-নাশকতা ও মানুষ পোড়ানোর মতো সহিংসতার পথ বেছে নিয়েছিল। যা বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে এখনো মুছে যায়নি। যারা এই নির্বাচনকে মেনে নিতে পারে না, তারা পক্ষান্তরে দেশের গণতন্ত্র, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করছে। শুধু তা-ই নয়, ৫ জানুয়ারির নির্বাচনকে নিয়ে যারা সহিংসতা করেছে, তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
বিবৃতিতে মেনন ও বাদশা বলেন, যারা সেই দিন নির্বাচনে অংশ নিল না, তারা আবার পৌরসভা নির্বাচনে অংশ নিল। যা থেকে প্রমাণ করে ২০-দলীয় জোটের সেই দিনের সিদ্ধান্ত ছিল আত্মঘাতী। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রস্তাব আর নির্বাচনে অংশ না নেওয়া এক কথা নয়।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ষড়যন্ত্র, নাশকতা ও জঙ্গিবাদী তৎপরতা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য ওয়ার্কার্স পার্টি আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি।