৫ 'বিদ্রোহী' বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় নির্দেশ অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল বুধবার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী শনিবার ষষ্ঠ ধাপে কালিহাতী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার বলেন, দলীয় শৃঙ্খলা ভেঙে দুর্গাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সিরাজুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের নেতা শফি কামাল সিদ্দিকী, নারান্দিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন, পাইকড়া ইউনিয়নে কৃষক লীগের নেতা আফজাল হোসেন এবং নাগবাড়ী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সিদ্দিকী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।