পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববারও দেশের অন্তত ১৪টি পৌরসভায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১০ দিনে গণমাধ্যমে প্রকাশিত সহিংসতার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ঘুরেফিরে ৪৫ থেকে ৫০টি পৌরসভায় এ ধরনের ঘটনা ঘটছে। ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোট হচ্ছে।
গত দুই দিনে কুমিল্লার লাকসাম ও দাউদকান্দি, চট্টগ্রামের সীতাকুণ্ড, নোয়াখালীর হাতিয়া, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, ময়মনসিংহের ত্রিশাল, জামালপুরের সরিষাবাড়ী, সিরাজগঞ্জের শাহজাদপুর, যশোরের কেশবপুর, শরীয়তপুরের নড়িয়া, পাবনার ফরিদপুর ও সুজানগরে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়েছে।
গত ১০ দিনে কুমিল্লার লাকসাম, চান্দিনা ও দাউদকান্দি, ভোলার দৌলতখান, পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা, সিরাজগঞ্জের শাহজাদপুর, নোয়খালীর হাতিয়া, জামালপুরের সরিষাবাড়ী ও যশোরের কেশবপুরে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
এ ছাড়া লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জ, কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা, বরিশালের বাকেরগঞ্জ, নারায়ণগঞ্জের তারাব, রাজশাহীর বাঘা, ঝিনাইদহের শৈলকুপা, নাটোর সদর ও গোপালপুর, চাঁদপুরের হাজীগঞ্জ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, ঢাকার সাভার, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, পাবনার ঈশ্বরদী, সিরাজগঞ্জের শাহজাদপুর ও কাজীপুর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, নেত্রকোনা, দিনাজপুরের বিরামপুর, ময়মনসিংহের ত্রিশাল ও গফরগাঁওয়ে অন্তত একবার সংঘর্ষ হয়েছে। এসব পৌরসভার বেশির ভাগেই বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকেরা হামলার শিকার হয়েছেন।
যশোরের কেশবপুর, কুষ্টিয়ার খোকসা, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নরসিংদীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলার শিকার। তবে সারা দেশের মধ্যে একেবারেই উল্টো পরিস্থিতি শরীয়তপুরের নড়িয়ায়। সেখানে আওয়ামী লীগের মূল প্রার্থী প্রভাবশালী বিদ্রোহীর কাছে কোণঠাসা।
এর বাইরে কয়েকটি পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ভয়ভীতি ও চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে প্রার্থীরা অভিযোগ করেছেন।
নানা সমালোচনার মুখে নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় কিছু ব্যবস্থা নিয়েছে। গতকাল রোববার বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ ও বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমানকে সতর্ক করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। এর আগে সতর্ক করেছিল সিরাজগঞ্জ-৬ আসনের হাসিবুর রহমান ও হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আবু জাহির, ঢাকা-২০ আসনের সাংসদ এম এ মালেক, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম ও ময়মনসিংহ-৯ আসনের (নান্দাইল) সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে। এ ছাড়া পক্ষপাতমূলক আচরণের জন্য দুজন রিটার্নিং কর্মকর্তা ও পাঁচজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
ঘুরেফিরে অর্ধশত পৌরসভায় সংঘাতের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘অতীতেও এসব এলাকায় নির্বাচনে সমস্যা হয়েছে। এর মধ্যে উপকূলীয় এলাকাই বেশি। আমরা সব জায়গাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে বলেছি। ভোটের দিন এসব এলাকায় একটু বেশি নজরদারি রাখা হবে।’
বিএনপির প্রচারণায় বাধা, হামলা: পটুয়াখালীর কুয়াকাটার বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আক্কাস হাওলাদার জানান, তিনি নির্বাচনী প্রচারণা চালানোর সময় ছাত্রলীগের নেতারা দেশীয় অস্ত্র নিয়ে গতকাল তাঁর ওপর হামলা চালান। বরগুনার বেতাগীতে বিএনপির মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবির অভিযোগ করেছেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ-যুবলীগের কয়েক শ কর্মী তাঁর বাড়িতে হামলা চালিয়ে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর করেন।
কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির মেয়র পদপ্রার্থী কে এম আই খলিল তাঁর সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছেন। লাকসামের বিএনপির প্রার্থী শাহনাজ আক্তার জানান, তাঁর পক্ষে কাজ করায় পৌর বিএনপির সহসভাপতি আমির হোসেনকে শনিবার রাতে কুপিয়ে জখম করা হয়েছে। এর আগে ২৪ ডিসেম্বর সাবেক সাংসদ আনোয়ারুল আজিম এখানে প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম জানান, শনিবার রাতে তাঁর বাড়িতে ককটেল হামলা হয়। এ ছাড়া নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাঁর ভাতিজি ও এক কর্মীকে পেটান আওয়ামী লীগের লোকজন।
যশোরের কেশবপুরে বিএনপির প্রার্থী আবদুস সামাদ গতকাল সংবাদ সম্মেলন করে বলেন, ‘শনিবার রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রুকনুজ্জামান গতকাল রাতে প্রচারণায় নেমে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। হামলায় রুকনুজ্জামান গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। পরে বিএনপির কার্যালয়, চারটি গাড়ি, পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করে বিএনপি। এর আগে বিএনপির প্রার্থী ফয়জুল কবীরও তাঁর ওপর হামলার অভিযোগ করেছিলেন।
পাবনার ফরিদপুর ও সুজানগর পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা পরস্পরের ওপর হামলার অভিযোগ করেছেন। রংপুরের বদরগঞ্জের স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাঁর ভাতিজা জাফর আলীকে পিটিয়ে পুলিশে দিয়েছেন ক্ষমতাসীন দলের লোকজন। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের জড়ো করছেন।
রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে কেন্দ্র দখলের পরিকল্পনাসহ আচরণ লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী। খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী বাদশা মিয়া।
মার খাচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা: চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফিউল আলম গতকাল সংবাদ সম্মেলন করার সময় আওয়ামী লীগের সমর্থকেরা সেখানে হামলা চালান।
ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ বি এম আনিছুজ্জামান অভিযোগ করেছেন, গতকাল দুপুরে পৌরসভার দড়িরামপুর এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাহিদুল ইসলামের লোকজন তাঁর ওপর হামলা চালান। এতে তিনজন আহত হন। এর আগে ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী লীগ-সমর্থিত দুই কাউন্সিলরের মধ্যে মারামারিতে এক কাউন্সিলর প্রার্থীর মা মারা যান।
নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে মারামারি হয়েছে। যশোরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া খান ১৮ ডিসেম্বর রাতে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে শহরের হলবাজার মোড়ে পথসভা করছিলেন। হঠাৎ করেই আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সামছুজ্জামানের ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের নেতৃত্বে হাতুড়ি-লাঠিসহ ২০-২৫ জন যুবক এসে সভায় হামলা চালান।
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হালিমুল হকের বিরুদ্ধে কর্মী-সমর্থকদের মারপিট ও অস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী মো. আবদুর রহিম। নরসিংদীতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. কামরুজ্জামানের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছেন সেখানকার বিদ্রোহী প্রার্থী এস এম কাইয়ুম। কুয়াকাটায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারেক মোল্লা ও জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী আনোয়ার হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হন। যশোরে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম কামরুজ্জামান ও তাঁর সমর্থকদের হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। এতে তিনজন আহত হয়েছেন।
নড়িয়ায় কোণঠাসা আওয়ামী লীগের প্রার্থী: শরীয়তপুরের নড়িয়ায় উল্টো চিত্র। এখানে আওয়ামী লীগের মূল প্রার্থী হায়দার আলীই কোণঠাসা। গত কয়েক দিনে তাঁর সমর্থকদের ওপর কয়েক দফায় হামলা এবং এক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। হায়দার আলী গতকাল অভিযোগ করেন, শনিবার রাতে তাঁর বাড়িতে গুলি ছোড়া হয়। এ ছাড়া তাঁর এক সমর্থকের বাড়িতে আগুন দেওয়া হয়। তিনি নড়িয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, এখানে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামকে সমর্থন দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন বলেন, ‘এত দিন বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলামের সমর্থকেরা আমাদের কর্মীদের বাধা দিয়েছে। এখন মারধর করছে। পুলিশ আমাদের কোনো সহায়তা করছে না।’
নির্বাচনী সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে, জানতে চাইলে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ও গণমাধ্যম মুখপাত্র নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট কোনো জায়গায় সহিংসতা হয়ে থাকলে কেন হচ্ছে, তার কারণ চিহ্নিত করে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তবে ২৩৪টি পৌরসভার সব কটিতেই শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে।