৫৪ ইউপির ২৮টিতেই আ.লীগের 'বিদ্রোহী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ১৩টি উপজেলার মধ্যে পাঁচটি উপজেলার ৫৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ শনিবার। এসব ইউপির ২৮টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। ৫৩টিতে রয়েছেন বিএনপির প্রার্থী। এ কারণে জেলায় আগের পাঁচ ধাপের নির্বাচনের চেয়ে এবার উত্তাপ ও সহিংসতার শঙ্কা—দুই-ই বেশি।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, উত্তাপ ছড়াচ্ছেন মূলত চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। কোনো কোনো ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। ফলে ৫৪টি ইউনিয়নে মোট বিদ্রোহী প্রার্থী ৩৭ জন।
জেলার গফরগাঁও উপজেলায় বেশি সহিংসতার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। গফরগাঁওয়ের ১৫টি ইউপির মধ্যে ছয়টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এই ছয়টির মধ্যে চারটিতে বিদ্রোহী প্রার্থীরা স্থানীয়ভাবে বেশি শক্তিশালী হওয়ায় এগুলোতে সহিংসতার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এই ইউপিগুলো হলো রসুলপুর, চরআলগী, মশাখালী ও বাড়বাড়িয়া। চরআলগী বাদে বাকি তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বর্তমান চেয়ারম্যান। রসুলপুরের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের নেতা মঈনুল হক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তাঁর রাজনীতি শুরু ছাত্রলীগ থেকে। কিন্তু মনোনয়ন-বাণিজ্য করে তাঁকে বঞ্চিত করা হয়েছে। এ জন্য জনগণের চাপে তিনি নির্বাচন করছেন। তাঁর অভিযোগ, প্রার্থী হওয়ার পর থেকেই তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।
গফরগাঁওয়ের সব ইউপিতে বিএনপিরও প্রার্থী রয়েছেন। ফলে নির্বাচন নিয়ে উপজেলায় বেশ উত্তেজনা বিরাজ করছে।
গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ কুমার কুণ্ডু বলেন, যেগুলোতে বিদ্রোহী প্রার্থী আছেন, সেগুলোতে তাঁরাও সংঘর্ষের আশঙ্কা করছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁরাও প্রস্তুত। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮০ জন সদস্য ছাড়াও পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ জেলার ত্রিশাল, ভালুকা, ধোবাউড়া, হালুয়াঘাট উপজেলার ইউপিগুলোতেও নির্বাচন হচ্ছে। এর মধ্যে ধোবাউড়ার সাতটি ইউপির মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নয়জন। ত্রিশালের পাঁচটি ইউপিতে ছয়জন, ভালুকার ছয়টিতে সাতজন এবং হালুয়াঘাটের ছয়টিতে দলটির নয়জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বিদ্রোহী প্রার্থীদের কারণেই মূলত সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
জানতে চাইলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম প্রথম আলোকে বলেন, এবার একসঙ্গে এতগুলো ইউপিতে নির্বাচন হওয়ায় তাঁদের ওপর বাড়তি চাপ পড়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য তাঁরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার বলেন, আগেও বিদ্রোহী ছিলেন, কোনো সমস্যা হয়নি। তাঁর আশা, এবারও সমস্যা হবে না।
তিন ইউপিতে চেয়ারম্যান পদে নারী প্রার্থী: জেলায় ষষ্ঠ ধাপের ৫৪টি ইউপির মধ্যে তিনটিতে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিন নারী। তাঁরা হলেন গফরগাঁওয়ের দত্তেরবাজার ইউপিতে রোকসানা বেগম; তিনি বর্তমান চেয়ারম্যান। অপর দুই নারী প্রার্থী হলেন ভালুকার মেদুয়ারি ইউপিতে জেসমিন নাহার ও ত্রিশালের কাঁঠাল ইউপিতে তানজিনা বেগম।