৬ ঘণ্টা সড়ক বন্ধ করে শ্রমিক লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরে প্রবেশের প্রধান সড়ক ছয় ঘণ্টা অবরোধ করে অনুষ্ঠিত হয় শ্রমিক লীগের সমাবেশ। এতে গত রোববার বেলা সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে পারেনি।

সড়কজুড়ে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ এবং বসার জন্য চেয়ার রেখে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়।

জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মতিয়ার রহমান বলেন, সিদ্ধান্ত ছিল সড়কের এক পাশের ফুটপাত ছেড়ে সমাবেশ করার। কিন্তু সঠিক নজরদারির অভাবে পুরো সড়ক বন্ধ করে সমাবেশ করতে হয়েছে। সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, মেহেরপুরে যাঁরা সড়ক বন্ধ করে প্রায়ই সমাবেশ করেন, তাঁদের বিরুদ্ধে পুলিশের অবস্থান নেওয়া কঠিন।

শ্রমিক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সাংসদ ফরহাদ হোসেন দোদুল বলেন, দেশ এগোচ্ছে। কারণ বিগত সরকারের চাইতে এই সরকার পাঁচ গুণ বেশি আকারে বাজেট দিতে পেরেছে। যার সিংহভাগ অর্থই দেশের উন্নয়নে ব্যয় হবে। এর আগে তিনি প্রথম আলো পত্রিকার নাম উল্লেখ করে বলেন, পত্রিকাটি সরকার ও উন্নয়নবিরোধী প্রচারণায় ব্যস্ত। তাই এটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিষিদ্ধ।