৬ পৌরসভায় বিএনপির হারের কারণ বিদ্রোহী প্রার্থী
দুজন করে মেয়র প্রার্থী থাকায় ছয়টি পৌরসভায় বিএনপিকে পরাজয় বরণ করতে হয়েছে। এই ছয়টি পৌরসভা হলো জয়পুরহাটের আক্কেলপুর, পাবনার চাটমোহর, যশোরের বাঘারপাড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ।
অন্যদিকে বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী জয়ও পেয়েছেন। এঁরা হলেন বগুড়ার নন্দীগ্রামের কামরুল হাসান সিদ্দিকী ও পাবনার কামরুল হাসান।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২১৪টি পৌরসভার ফল ঘোষণা করা হয়েছে। অনিয়মের কারণে ২০টি পৌরসভার নির্বাচন স্থগিত রাখা হয়েছে। নির্বাচনে বিএনপি মেয়র পদে ২২৩টি পৌরসভায় প্রার্থী মনোনয়ন দেয়। এর মধ্যে অর্ধশতাধিক পৌরসভায় দলের একাধিক প্রার্থী ছিলেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ঘোষিত ২১৪টির মধ্যে মেয়র পদে বিএনপি জিতেছে মাত্র ১৯টি পৌরসভায়। বেশির ভাগ পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বিএনপির প্রার্থীর ভোটের ব্যবধান বিস্তর। তবে হিসাব অনুযায়ী অন্তত ছয়টি পৌরসভায় একাধিক প্রার্থী না থাকলে বিএনপি প্রার্থীর জয়ের সম্ভাবনা ছিল।
ফলাফল বিবরণীতে দেখা যায়, যশোরের বাঘারপাড়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো. কামরুজ্জামান ২ হাজার ৫৪৩ ভোট পেয়ে জিতেছেন। অন্যদিকে বিএনপির আবদুল হাই পেয়েছেন ১ হাজার ৩৭২ এবং তাদের বিদ্রোহী আবু তাহের পেয়েছেন ১ হাজার ৫৯০ ভোট। দুজনের মিলিত ভোট ২ হাজার ৯৬২।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী ফরিদ আহমেদ পেয়েছেন ৩ হাজার ৮৯০ এবং বিদ্রোহী আবদুল মজিদ পেয়েছেন ১ হাজার ৫৩৫ ভোট। অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ছালেক মিয়া পেয়েছেন ৩ হাজার ৯৭৩ ভোট। চাঁদপুরের হাজীগঞ্জে আওয়ামী লীগের আ স ম মাহবুব উল আলম পেয়েছেন ১২ হাজার ৯৯৯ ভোট। অন্যদিকে বিএনপির আবদুল মান্নান খান পেয়েছেন ১২ হাজার ১৭৩ এবং বিদ্রোহী হেলাল উদ্দিন মজুমদার পেয়েছেন ২ হাজার ১৫৪ ভোট। একই জেলার ফরিদগঞ্জে আওয়ামী লীগের মাহফুজুল হক পেয়েছেন ৬ হাজার ৪২২ ভোট। বিএনপির হারুন অর রশীদ পেয়েছেন ৪ হাজার ৯১০ ভোট। একই দলের মঞ্জিল হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৯০ ভোট।
জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ৫১১ ভোট এবং বিদ্রোহী আলমগীর হোসেন পেয়েছেন ৩ হাজার ২৬২ ভোট। অন্যদিকে আওয়ামী লীগের গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৬০৩ ভোট। পাবনার চাটমোহরে বিএনপির আবদুল রহিম পেয়েছেন ১ হাজার ২২১ ভোট এবং বিদ্রোহী আবদুল মান্নান পেয়েছেন ২ হাজার ৯০৩। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মির্জা রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ৫৩৮ ভোট।
জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘খারাপ সময়ের মধ্যে থেকে বিএনপিকে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত নিতে হয়েছে। জেলা কমিটির মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার অনেক জায়গায় জ্যেষ্ঠ নেতাদের মতামতকেও প্রাধান্য দিতে হয়েছে। সব মিলিয়ে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কিছু ভুল হয়েছে। তবুও আমরা মনে করি এই নির্বাচনে বিএনপি জিতেছে, হেরেছে আওয়ামী লীগ।’