৬১ ইউপিতে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি নৌকার প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তম ধাপের ইউপি নির্বাচনে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ সারি। ইটনার থানেশ্বর উচ্চবিদ্যালয় কেন্দ্র, কিশোরগঞ্জ, ৭ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীতদের পেছনে ফেলে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার হয়েছে। সপ্তম ধাপের ১৩৮টি ইউনিয়নের মধ্যে ৮৫টিতেই চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাঁদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। ২৪টি ইউপিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। বাকি ৬১টি ইউপিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীও হতে পারেননি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে মঙ্গলবার এসব তথ্য জানা যায়। গত সোমবার ইউপি নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বিএনপি এই নির্বাচনে না আসায় তাদের দলের নেতারা স্বতন্ত্র হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছেন। সেই সঙ্গে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে অনেকে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।

ইসি সূত্র জানায়, সপ্তম ধাপের ভোটে ৩২টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা ১১ জনের মধ্যে ১০ জনই আওয়ামী লীগের। সব কটি ইউপিতে প্রার্থী না দেওয়া এবং মাঠের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রার্থীদের মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের এই হাল হয়েছে বলে মনে করছেন দল–সংশ্লিষ্টরা।

তিনটি ইউপিতে জাতীয় পার্টি এবং একটিতে জাতীয় পার্টির (জেপি) প্রার্থীরা জয়লাভ করেছেন। চারটি ইউপির ভোট স্থগিত করা হয়েছে এবং দুটির ফলাফল জানাতে পারেনি ইসি।

সুনামগঞ্জের তাহিরপুরের সাতটি ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে। সেখানে আওয়ামী লীগের একজন প্রার্থীও জয়লাভ করতে পারেননি। সাতটির মধ্যে তিনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারলেও চারটিতে তা–ও পারেননি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান প্রথম আলোকে বলেন, নির্বাচনের সময় প্রার্থিতা বাছাই করতে তৃণমূলকে জেলা কমিটি মূল্যায়ন করেনি। তারা নিজেদের পরিচিত লোক দিয়েছে। আওয়ামী লীগের যাঁরা মাঠে আছেন, তাঁদের না দিয়ে যাঁরা মাঠের সঙ্গে সম্পৃক্ত নন তাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা যতগুলো নাম দিয়েছি, সবগুলো জেলা কমিটিতে মূল্যায়ন হয়নি। যার জন্য বিদ্রোহী প্রার্থী হয়েছেন। চারজন বিদ্রোহী প্রার্থী জিতেছেন।
সপ্তম ধাপে বেশ কিছু ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়টি ইউপিতে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। সেখানে সব কটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল প্রথম আলোকে বলেন, দলীয় সিদ্ধান্তেই রাষ্ট্রপতির এলাকায় আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। ফলে সেখানে আগে যেভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতো, এবারও সেভাবেই হয়েছে।