৬৯ বছরে পা রাখল আ.লীগ
আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে তৎকালীন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নামে দলটির যাত্রা শুরু হয়। ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে দলের নামকরণ করা হয় ‘আওয়ামী লীগ’। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দলটি ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দলটি নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৬৯ বছরে পা রাখল। এ উপলক্ষে দলটি সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা করেছে।
কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল নয়টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলটির নেতারা। এরপর কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে।