৭ নভেম্বর পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে বিএনপি। এ উপলক্ষে জিয়াউর রহমানের কবরে নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া l ছবি: প্রথম আলো
৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে বিএনপি। এ উপলক্ষে জিয়াউর রহমানের কবরে নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া l ছবি: প্রথম আলো

নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর পালন করেছে বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দলসহ (জাসদ) বিভিন্ন দল। গতকাল সোমবার দিনটি উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আলোচনা সভা করে জাসদ।
এই দিনকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। অন্যদিকে এই দিনটিকে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে জাসদ।
সকালে খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মী সেখানে জড়ো হন। শ্রদ্ধা জানানোর সময় খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা জানাতে গিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে ৭ নভেম্বর দিনটিকে সব সময় অবমূল্যায়ন করেছে। এখন আওয়ামী লীগ বিভিন্ন প্রচারমাধ্যমের মধ্যে দিয়ে এই দিন সম্পর্কে বিকৃত ইতিহাস বর্ণনা করছে।
অন্যদিকে দিনটি উপলক্ষে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাসদ। সভায় জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতালোভী কর্মকর্তারা ক্ষমতা দখলের জন্য উন্মত্ত হয়ে তাঁদের অধীন ইউনিটগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। অনিশ্চিত পরিস্থিতিতে সিপাহিরা বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে কোনো দুর্ঘটনা যেন না ঘটিয়ে ফেলে, তা নিয়ন্ত্রণ করার জন্য জাসদ বিদ্রোহী সিপাহিদের পাশে দাঁড়ায়।
অন্যদের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কর্নেল তাহেরের ভাই আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
খালেদ মোশাররফ বীর উত্তম স্মৃতি পরিষদ সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জাসদের ভুল রাজনীতির কারণে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি হয়েছিল। অবশ্য পরে তারা এ ভুল স্বীকার করেছে। এই সুযোগ নিয়েছিলেন জিয়াউর রহমান।