৭ নভেম্বর সমাবেশের অনুমতি পাওয়ার আশা বিএনপির
৭ নভেম্বর দলীয়ভাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ার ব্যাপারে বিএনপি এখনো আশাবাদী। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন পর্যন্ত প্রশাসন থেকে সমাবেশের ব্যাপারে কোনো নেতিবাচক জবাব পাওয়া যায়নি।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার আশপাশের জেলার নেতাদের নিয়ে গতকাল বৈঠক করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
গত মঙ্গলবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছিলেন, ৭ নভেম্বর পালনে বিএনপিকে প্রতিহত করা হবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা হানিফের ব্যক্তিগত বা দলীয় মত। এটা সরকারের মনোভাব নয়। সমাবেশের অনুমতি দেবে প্রশাসন।
তবে সমাবেশ বাধাগ্রস্ত করতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতাদের বক্তব্য স্বৈরাচারী। বিএনপি বারবার বলছে, বিএনপি সংঘাতের রাজনীতি চায় না। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ পুরোপুরিভাবে একদলীয় শাসন জোর করে প্রতিষ্ঠা করতে চাইছে। আওয়ামী লীগ এই জায়গা থেকে সরে আসবে বলে তিনি আশা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক যৌথ সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধান বিচারপতির ক্ষোভ প্রমাণ করে, স্বাধীন বিচার বিভাগকে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ওই যৌথ সভা করে।