৭ নভেম্বরের আগে খালেদা ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৭ নভেম্বরের আগে দেশে ফিরছেন। তিনি ৭ নভেম্বর দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে গত শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, ৭ নভেম্বরের আগে খালেদা জিয়া দেশে ফিরবেন কি না। জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অবশ্যই আমরা আশা করছি।’
এ সময় খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের দৃষ্টি আকর্ষণ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে, সেগুলো অনুমাননির্ভর। ওই সব রিপোর্টিংয়ে বলা হচ্ছে তিনি (খালেদা জিয়া) দেশে ফিরছেন না। আমরা মনে করি, এটি একটি গভীর চক্রান্ত।’ এ সময় তিনি এক-এগারোর সময় খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ‘চক্রান্তের’ কথাও উল্লেখ করেন।
এদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতারা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। দিবসটি পালন উপলক্ষে গত শনিবার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা করে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। সভায় ১০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে আছে ৭ নভেম্বর সকাল ছয়টায় কেন্দ্রীয় ও দলের সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ এবং ৮ নভেম্বর বেলা তিনটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।