পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুর কারণে স্বাধীন দেশ পেয়েছি। ৭ মার্চ বঙ্গবন্ধু তাঁর ভাষণে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। ওই ভাষণে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনাও দেন বঙ্গবন্ধু। অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বলা হলে, সেটি হবে আসলেই লজ্জার বিষয়।’
গত রোববার রাতে পুলিশ লাইনস মাঠে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশের চাকরি থেকে অবসর নেওয়া ও পুলিশে কর্মরত ফেনী জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পুলিশ প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আমিনুল হক, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান।
অনুষ্ঠানে জেলায় কর্মরত ও এই জেলার অধিবাসী ৬১ পুলিশ সদস্য ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়।