৭০ অনুচ্ছেদ সংসদকে ধ্বংস করছে: ড. কামাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন
বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদকে ‘ধ্বংস করছে’ বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।

আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ইআরসি সেমিনার হলে ‘বিচারপতিদের অভিশংসন-ন্যায়বিচার-সুশাসন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন এ মন্তব্য করেন। গুড গভর্নেন্স ফোরাম নামের একটি সংগঠন এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

ড. কামাল হোসেন বলেন, ‘যেভাবে এটা প্রয়োগ হয়েছে, সংসদকে ধ্বংস করছে। ষোড়শ সংশোধনী সুপারসনিক গতিতে কেন হবে? বিচার কীভাবে হবে, সে বিষয়ে তিন মাসের মধ্যে আইন করার কথা বলা হয়েছে। এর আগেই সংবিধান সংশোধন করা হলো। খসড়া আইন ও খসড়া সংশোধনী হতে পারত। এটা নিয়ে আলোচনা হতে পারত।’


ড. কামাল হোসেন আরও বলেন, ‘আগে রাজনীতি ছিল মানুষের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করা। সম্পত্তি করা, ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়া এর মধ্যে ছিল না।’


বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের বিষয়ে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘যোগ্যতা নেই, মেধা নেই, পিওর আনুগত্য পায়ের ধুলা নেওয়াই একটা যোগ্যতা। আদিষ্ট হয়ে সবকিছু করব। কি বিচার বিভাগ, কি নির্বাহী পরিষদ, গণতান্ত্রিক সরকারে এটা হওয়ার কথা নয়। আইনানুগভাবে আদিষ্ট হতে হবে। আদিষ্ট হয়ে কাউকে খুন করা যায় না। পেট কাটা যায় না। যেকোনো সভ্য সমাজে, যেখানে আইনের শাসন আছে, সেখানে এটা অকল্পনীয়।’


নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করে বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন হয়নি, ভণ্ডামি হয়েছে, শঠতা হয়েছে। এই সরকার নির্বাচিত সরকার নয়। পুরো বিচারব্যবস্থা টিউটর করছে সরকার। অথচ সরকারই যেখানে আইনসম্মত নয়।’


বিচারপতি শিকদার মকবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইকতেদার আহমেদ। এতে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ হুমায়ুন কবির, আইনজীবী সুব্রত চৌধুরী, আইনজীবী সিগমা হুদা, সাবেক সাংসদ আহসান হাবিব লিংকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকমল বড়ুয়া প্রমুখ।