৭০২ ইউপিতে প্রার্থী চূড়ান্ত করেছে আ. লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০২ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজকের মধ্যেই বাকি ৩৭ ইউপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করবে দলটি।

আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা চূড়ান্তের কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, গত বুধবার রাতে ৫৫৮টি ও গতকাল বৃহস্পতিবার রাতে ১৪৪টি ইউপিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র আজ শুক্রবার সকাল থেকে বিতরণ শুরু করেছে দলটি। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইউনিয়নগুলোর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। আজকের মধ্যে না পারলেও কাল সকালের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শেষ করা হবে বলে জানা গেছে।

ইউপি নির্বাচনে প্রথম দফায় ভোট নেওয়া শুরু হবে ২২ মার্চ। ওই দিন ৭৩৯টি ইউপিতে এ নির্বাচন হবে। এবারই প্রথম পৌরসভার পর রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে এ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন হবে ছয় ধাপে।
প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে ২৩-২৪ ফেব্রুয়ারি আর প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩ মার্চ।

জাহাঙ্গীর কবির নানক বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ফলে গণতন্ত্রের ভিত্তিই কেবল মজবুত হবে না, বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। কেন্দ্র থেকে তৃণমূল অনেক শক্তিশালী, সেটি প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়নব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এটা মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধবিরোধী, রাজাকার, আলশামস, জামায়াতে ইসলামী বা বিএনপির কেউ মনোনয়ন যেন না পায়, এ জন্য কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে।