গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৭২-এর সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অন্যতম দলিল। এই দলিলে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। এই দলিল সমুন্নত রাখতে দেশের আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল রোববার বরিশালে অনুষ্ঠিত ‘আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী ড. কামাল হোসেন। দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী ঐক্য ফ্রন্টের ব্যানারে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৬ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০১৫ উপলক্ষে ড. কামাল হোসেন বরিশালে আইনজীবীদের সঙ্গে ওই আলোচনায় অংশ নেন।
কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর ছবি ছোট আকারে ব্যবহার করে কিছু মানুষ নিজের ছবি বড় করে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন বানিয়ে নিজেকে জাহির করছে। এই ধরনের বিতর্কিত লোক বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করতে পারে না। তারা জাতির পিতাকে খাটো করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর মর্যাদা রক্ষায় আইন করে এসব বন্ধ করা দরকার।
ড. কামাল আরও বলেন, দেশে বিচারবহির্ভূত হত্যা-গুমের বিরুদ্ধে একটা মতৈক্য সৃষ্টি হয়েছে। সরকারি দল আওয়ামী লীগের সাংসদ, এমনকি দলটির সাধারণ সম্পাদকও হত্যা-গুম বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। এটা একটা ইতিবাচক দিক।
আইনজীবী হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আইনজীবী সুব্রত চৌধুরী, মো. হেলাল উদ্দিন, এ কে এম জগলুল হায়দার, আবদুল আজিজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী হিরণ কুমার দাস।