৭৪টি প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের জন্য ৭৪টি প্রতীক বরাদ্দ করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধিমালা ও তফসিল অনুযায়ী ওই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মেয়র পদে প্রতীক নিয়ে কাড়াকাড়ি নেই। কিন্তু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে প্রতীক নিয়ে কাড়াকাড়ি হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে সমঝোতা না হলে লটারি করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, মেয়র পদে রাজনৈতিক দলগুলোর জন্য ৪০টি প্রতীক রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থীদের জন্য ১২টি প্রতীক আছে। কুমিল্লায় মেয়র পদে তিনজন প্রার্থী হয়েছেন। তিনজনই দলীয় প্রার্থী। তাঁরা দলীয় প্রতীকে নির্বাচন করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার প্রতীক নৌকা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কুর প্রতীক ধানের শীষ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) শিরিন আক্তারের প্রতীক তারা। ইতিমধ্যে তিন মেয়র প্রার্থী তাঁদের প্রতীকের জন্য ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মেয়র পদে যেহেতু স্বতন্ত্র প্রার্থী নেই, তাই প্রতীক বরাদ্দের বিষয়টি মীমাংসিত। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রে একাধিক প্রার্থী একই প্রতীক চেয়েছেন। সেগুলো সমঝোতা ও লটারির মাধ্যমে মিটমাট করা হবে।