৮ ইউনিয়নে আ.লীগে বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ৮টিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ রয়েছে। এর মধ্যে ৪টি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীরা ভূমি প্রতিমন্ত্রীর অনুসারী। ২৮ মে পঞ্চম ধাপে পটিয়ার ২২টি ইউনিয়নের মধ্যে ২১টিতে নির্বাচন হবে। এর মধ্যে দক্ষিণ ভূর্ষি ইউপিতে দুজন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
পটিয়া উপজেলাধীন কর্ণফুলী থানার (সম্প্রতি উপজেলা ঘোষণা করা হয়েছে) পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে বিদ্রোহী প্রার্থী রয়েছে। তাঁরা ভূমি প্রতি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী বলে জানান কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদ।
উপজেলার খরনা ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এ কে এম আবদুল মতিন চৌধুরী। এ ইউপিতে দলীয় প্রার্থী হচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান।
আবদুল মতিন চৌধুরী বলেন, ‘যোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন না দেওয়ায় জনগণের চাপের মুখে আমি স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি। যতই চাপ আসুক, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি এ নির্বাচনে লড়ে যাব।’
এ বিষয়ে দলীয় প্রার্থী মাহবুবুর রহমান বলেন, ‘দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে। আমি গতবার মাত্র ৩০ ভোটে পরাজিত হয়েছি।’
ধলঘাট ইউপিতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ছালামত উল্লাহ। এ ইউপিতে দলীয় প্রার্থী হচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রনবীর ঘোষ।
ছালামত উল্লাহ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বৈধতা নিয়ে প্রশ্র তুলে বলেন, ‘তৃণমূল নেতাদের মতামতের ভিক্তিতে কোনো যোগ্য নেতাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হতো তাহলে মেনে নেওয়া যেত। আমি নৌকার মাঝি না হলেও জনগণের মনের মাঝি হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
এ বিষয়ে রনবীর ঘোষ বলেন, ‘দল যোগ্য মনে করেছে বলেই আমাকে মনোনয়ন দিয়েছে।’
হাইদগাঁওতে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বদরুউদ্দিন মোহাম্মদ জসিম। এ ইউপিতে দলীয় প্রার্থী হচ্ছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন।
বরলিয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন ছাত্রলীগের সাবেক নেতা সাজ্জাদ হোসেন। এ ইউনিয়নের দলীয় প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান শাহিনুল ইসলাম।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ‘দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের আমরা দলীয় মনোনয়ন দিয়েছি। দলের চিঠি অধিকাংশ “বিদ্রোহী” প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যাঁরা মনোনয়ন প্রত্যাহার করেননি, তাঁদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
কর্ণফুলী থানার পাঁচ ইউপি: উপজেলার কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউপিতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন থানা যুবলীগের সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন হায়দার। এ ইউনিয়নে দলীয় প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী।
নাজিম উদ্দিন হায়দার বলেন, ‘সারা বছর আমরা যারা আওয়ামী রাজনীতি করেছি, তাদের কাউকে দলীয় মনোনয়ন না দিয়ে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি জীবনে কখনো জয় বাংলা স্লোগান দেননি। তাই নীরব প্রতিবাদ জানাতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
তবে মোহাম্মদ আলী বলেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বড়উঠান ইউপিতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান। এ ইউনিয়নে দলীয় প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান দিদারুল আলম।
জুলধা ইউপিতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রফিক আহমদ। দলীয় প্রার্থী থানা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান নুরুল হক।
শিকলবাহা ইউপিতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন থানা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম। দলীয় প্রার্থী থানা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম।
কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদ বলেন, ‘বিদ্রোহীদের ব্যাপারে আমাদের কিছু করার নেই। এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ব্যবস্থা নেবে।’