৮ মাসের মধ্যেই ভাঙা রাস্তা মেরামত: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ জাতীয় প্রেসক্লাবে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে ভাঙা রাস্তা মেরামত, নগরের উন্মুক্ত জায়গাতে ওয়াইফাই জোন করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন ঢাকা দক্ষিণের নতুন মেয়র সাঈদ খোকন। ছবি: ফোকাস বাংলা
আজ জাতীয় প্রেসক্লাবে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে ভাঙা রাস্তা মেরামত, নগরের উন্মুক্ত জায়গাতে ওয়াইফাই জোন করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন ঢাকা দক্ষিণের নতুন মেয়র সাঈদ খোকন। ছবি: ফোকাস বাংলা

আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ঢাকা শহরের ভাঙাচোরা রাস্তাগুলো মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গণসংবর্ধনা সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব শাখা সাঈদ খোকনকে এ সংবর্ধনা দেয়।
সাঈদ খোকন বলেন, ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়িসহ রাস্তাঘাট ভাঙাচোরা আছে। কথা দিচ্ছি আগামী ছয় থেকে আট মাসের মধ্যে এসব রাস্তাঘাট ঠিক করে দেব। তিনি বলেন, ‘ঢাকা শহরের অনেক সমস্যা রয়েছে। ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যাগ (থলে) দেব। সেখানে ময়লা ফেলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। ঢাকা দক্ষিণে ১০০ ভাগের কাছাকাছি স্ট্রিট লাইট জ্বলছে। এখন বৃষ্টির কারণে হয়তো কোথাও বাতি ফিউজ হয়ে যেতে পারে। আপনাদের বাসা, অফিসের কোথাও বাতি না জ্বললে দয়া করে আমাদের জানাবেন। সঙ্গে সঙ্গে তা ঠিক করে দেব।’
ঢাকা শহরের জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গাগুলোতে ওয়াইফাই জোন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে খোকন বলেন, ‘ঢাকা শহরের পাবলিক প্লেসগুলো ওয়াইফাই জোন করে দেওয়া হবে। এ বিষয়ে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কথা হয়েছে। তিনি আমাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা বসে নেই।’ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখতে তিনি নিয়মিত বাজার পরিদর্শনে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে জাসদ নেতা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাসদ নেত্রী ও সাংসদ শিরিন আখতার, জাসদ নেতা মীর হোসেন আখতার, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ প্রমুখ।