৮ সেপ্টেম্বর মানববন্ধন, ১২ সেপ্টেম্বর অনশন করবে বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করবেন বিএনপির নেতা-কর্মীরা। সারা দেশের জেলা ও মহানগর সদরেও এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। এ ছাড়া ১২ সেপ্টেম্বর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ অথবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতীকী অনশন করবে বিএনপি। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগর সদরে অনশন কর্মসূচি চলবে বলে জানিয়েছে বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় জড়িয়ে, নিম্ন আদালতকে ব্যবহার করে সাজা দিয়েও মনের ঝাল মিটছে না। নিম্ন আদালতকে ব্যবহার করে আবারও গোপন বিচারপ্রক্রিয়ায় তাঁকে হয়রানি করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে সরকার। খালেদা জিয়ার বিচারকাজ পরিচালিত হবে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে, যা আইনের পরিপন্থী ও স্বাধীন বিচার বিভাগের সর্বজনীন নীতিকে অমান্য করা। কারাগারে লোকচক্ষুর অন্তরালে আদালত ক্যাঙারু কোর্টেরই দৃষ্টান্ত। এ সমস্ত আদালতে গায়েবি নির্দেশ আসে।’
রুহুল কবির রিজভী আরও বলেন, সরকার বিরোধী দলের বিরুদ্ধে বিনা কারণে দমননীতির অংশ হিসেবে মামলা দায়ের করে এবং সে মামলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। সরকার অজানা আশঙ্কায় বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগার ভরে ফেলেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।