৯ বছর পর ভোলা সদর বিএনপির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় নয় বছর পর গতকাল সোমবার ভোলা সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার এবং কেন্দ্রীয় বিএনপিকে আরও সক্রিয় করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

সকাল ১০টার দিকে ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে সম্মেলন শুরু হয়। এতে প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ছেলে জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ আলতাফকে সদর উপজেলার সভাপতি ও মফিজুলইসলামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন। এতে বক্তারা দাবি করেন, বিএনপির ভোলা শাখা সারা দেশের মধ্যে শক্তিশালী। কেন্দ্রের কিছু ভুল সিদ্ধান্তর কারণে এখন বিএনপির দুরবস্থা। তিন মাস ধরে ভোলার ১৫টি সাংগঠনিক ইউনিয়নের ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা বিএনপির কমিটি গঠন করা হচ্ছে।

দলটির স্থানীয় সূত্র জানায়, এর আগে ২০০৮ সালে সদর উপজেলা বিএনপির কমিটি করা হয়। এতে প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানকে সভাপতি ও রাইসুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়। ১৭ জানুয়ারি কমরেডনলিনী দাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন হবে।

গতকালের সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, নির্বাহী সদস্য আসিফ আলতাফ, পৌর বিএনপির সভাপতি আবদুর রব আকন্দ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মফিজুল হক, কেন্দ্রীয় যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক ইয়ারুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম প্রমুখ।