৯ বছর পর রাজশাহী মহানগর আ.লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে। দীর্ঘ নয় বছর পর এই সম্মেলন অনুষ্ঠানের কারণ হিসেবে চারদলীয় জোট সরকারের দুঃশাসন ও যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের তাণ্ডবকে দায়ী করেছে দলটি। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই ব্যাখা দেওয়া হয়েছে।
বেলা সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, সম্মেলনকে সফলভাবে সম্পন্ন করার জন্য নয়টি উপকমিটি কাজ করছে। সব প্রস্তুতি শেষ পর্যায়ে। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে দলে নতুন প্রাণের সঞ্চার হয়। এতে দল শক্তিশালী হয়।
নয় বছর পর দলের সম্মেলন আয়োজনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ২০০১ সালের পর চারদলীয় জোটের দুঃশাসন, এরপর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে সম্মেলন করার পরিবেশ পাওয়া যায়নি। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের ভয়াবহতাসহ নানা কারণে সম্মেলন করা সম্ভব হয়নি।
আজ শনিবার সকাল নয়টায় রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাংসদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন নগর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান।