৯৯ বছরেও দলের সভাপতি!

বয়স ১০০ ছুঁই ছুঁই। এই বয়সেও তিনি দলের সভাপতি! বলা হচ্ছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সীর কথা। আহ্বায়ক ও সভাপতিসহ ২৩ বছর ধরে তিনি আছেন উপজেলা বিএনপির নেতৃত্বে। দলের সঙ্গে জড়িত ১৯৭৮ সাল থেকেই।
শুক্রবার বিএনপির পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নতুন দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে দিলওয়ার হোসেনকে পুনরায় সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়।
দিলওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষা সনদ অনুযায়ী তাঁর জন্মতারিখ ১৯১৮ সালের ১ নভেম্বর। সে হিসাবে বয়স ৯৯ বছর পার হলেও বাস্তবে বয়স আরও দু-এক বছর বেশি হবে। পরিমিত আহার, ধূমপান না করা আর নিয়মমাফিক জীবনযাপন তাঁর দীর্ঘ জীবনের রহস্য।
নিরহংকার, মিষ্টিভাষী, সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত দিলাওয়ার হোসেন চার দশক ধরে রাজনীতি করছেন। সব শ্রেণি-পেশার মানুষের কাছে রয়েছে গ্রহণযোগ্যতা। দীর্ঘদিন রাজনীতি করলেও তাঁর বিরুদ্ধে নেই কোনো মামলা। বহু বছর ধরে স্থানীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছেন।

১৯৩৪ সালে দিলওয়ার হোসেন নেছারাবাদ উপজেলার ইলুহাট বিএল একাডেমি থেকে এসএসসি পাস করেন। এরপর খুলনার দৌলতপুর কৃষি কলেজ থেকে কৃষি ডিপ্লোমা করেন। ১৯৪৫ সালে যোগ দেন ব্রিটিশ সরকারের কৃষি বিভাগে। ১৯৭৩ সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। খুলনায় কয়েক বছর ঠিকাদারি করার পর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগদলে যোগ দেন। পরে দলটি বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠার পর দিলওয়ার তাতে যোগ দেন। তিনি বিএনপির মঠবাড়িয়া থানা শাখার প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
দিলওয়ার ২৩ বছর ধরে মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সভাপতির দায়িত্বে আছেন। ২০০৯ সালে তিনি সর্বশেষ দলের সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। চার ভাই ও ছয় বোনের মধ্যে তিনি শুধু বেঁচে আছেন। দুই ছেলে ও সাত মেয়ের বাবা দিলওয়ারের নাতি-নাতনি ৪৬ জন।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘কেন্দ্রের নির্দেশে গত ১১ জুলাই ঘোষণা করা মঠবাড়িয়া উপজেলা বিএনপির কমিটি বাতিল করে দিলওয়ার হোসেন সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।’
১১ জুলাই মঠবাড়িয়া বিএনপির গঠিত কমিটিতে দিলওয়ার হোসেনকে সভাপতি বা সাধারণ সম্পাদক রাখা হয়নি। সভাপতি হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের নাম ঘোষণা করা হয়। সম্মেলন ছাড়া কমিটি গঠন করায় রুহুল আমিন এর বিরোধিতা করেন। রুহুল আমিনের ভাষ্য, তিনি কারও পকেট কমিটি চান না। পরে কমিটি বাতিল করে ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিকে বহাল রাখার সিদ্ধান্ত হয়।