'ছাত্রলীগ-যুবলীগ সাংবাদিকদের মুখোশ উন্মোচন করেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে গণমাধ্যম ও সাংবাদিকদের কঠোর সমালোচনা করা হয়েছে। আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী গণমাধ্যমের সমালোচনা করে বলেন, ‘কথা নেই বার্তা নেই পত্রিকায় শুধু ছাত্রলীগ-যুবলীগ। আরে, ছাত্রলীগ-যুবলীগ কী করেছে? আমি বলব, ছাত্রলীগ-যুবলীগ সাংবাদিকদের মুখোশ উন্মোচন করেছে।’

আজ শনিবার বেলা ১১টায় চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘যুব জাগরণ’ নামে এই সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ যৌথভাবে এই সভার আয়োজন করে। ‘যুব জাগরণ’ কর্মসূচির উদ্বোধক ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

যুবলীগের চেয়ারম্যান সাংবাদিকদের সমালোচনা করে বলেন, ‘আপনি বক্তব্য দিয়েছেন একরকম, আর সাংবাদিকরা লিখবে আরেক রকম। প্রতিনিয়ত খবর টুইস্ট করা হয়। এ রকম কথাও লেখা হয়, যেটা আপনি বলেননি। আসলে এক চিমটি মিষ্টি, অর্ধেক চিনি, অর্ধেক লেবু, অর্ধেক গুঁড়া মসলা দিয়ে এখন সাংবাদিকেরা খবর পরিবেশন করে।’ তিনি বলেন, ‘অসাধু ও উদ্দেশ্যপরায়ণ সাংবাদিকদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আরও বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এবং আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।

যুবকদের রাজনীতিতে শ্রেষ্ঠ সংগঠন যুবলীগ
অনুষ্ঠানে যুবলীগ প্রতিষ্ঠার কারণ ও উদ্দেশ্য তুলে ধরে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে যুবকদের রাজনীতিতে শ্রেষ্ঠ সংগঠন যুবলীগ। দেশে দক্ষ যুবশক্তি বিনির্মাণের দায়িত্ব নিতে হবে যুবলীগকে।’ তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যানের নির্দেশ মেনে চললে যুবলীগ আদর্শ সংগঠনে পরিণত হবে।
সৈয়দ আশরাফ বলেন, ‘এই সংগঠনটি আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করছে। যুবসমাজের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যুবলীগের নেতা-কর্মীরা সেই দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।’
কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা জিইসি মোড়ে জড়ো হন। ব্যস্ত রাজপথে একের পর এক মিছিল আসার কারণে সেখানে ট্রাফিক ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। সৃষ্টি হয় যানজটের। এতে সাধারণ পথচারী ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনুষ্ঠান চলার সময় মিলনায়তনের বাইরে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির দুই নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে তা বেশি দূর গড়ায়নি।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন তাঁর বক্তৃতায় দেশের অগ্রযাত্রা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের জন্য কাজ চলছে। এ ব্যাপারে সমঝোতা চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।
এ বি এম মহিউদ্দিন চৌধুরী যুবলীগের কর্মকাণ্ড কেবল ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, ‘ওয়ার্ডের কর্মসূচির মধ্যে খানাপিনার ব্যবস্থা রাখা যেতে পারে। তবে নেত্রীর নির্দেশ, গরু-ছাগল জবাই করে মেজবানের আয়োজন করা যাবে না।’
সভায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘তারেক রহমান হলেন দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাট, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতীক। যেভাবে তাঁর জন্মদিন পালন করা হয়েছে, তাতে মনে হচ্ছে দস্যু বনহুরের জন্মদিন পালিত হয়েছে।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘...আমরা তারেক রহমানের দেশে আসার অপেক্ষায় আছি। যুবলীগ তারেক রহমানকে খুঁজছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারেক রহমানকে খুঁজছে।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে দেশে জঙ্গিদের উত্থান ঘটেছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে জঙ্গিদের নির্মূল করেছেন।