'অগ্নি-সন্ত্রাস' নিয়ে ফটো অ্যালবাম
‘বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস: বর্বরতার ১০০ দিন’ শিরোনামে একটি ফটো অ্যালবাম প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে চলতি বছরের শুরুর দিকে বিএনপি-জামায়াতের লাগাতার হরতাল-অবরোধ চলাকালে দেশজুড়ে সংঘটিত সহিংসতার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
এ সময় অন্যান্যের মধ্যে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, ‘বিএনপি-জামায়াতের সহিংসতা নতুন কিছু নয়। এই গোষ্ঠীটি একাত্তর সালেও একই কাজ করেছে। পঁচাত্তরের পরেও তারা লাগাতারভাবে এসব করছে। বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে নির্বাসনে না পাঠানো পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত রাজনীতির নামে শুধু মানুষ নয়; গাছ ও পশুর বিরুদ্ধেও সন্ত্রাস চালিয়েছে।