৫ জানুয়ারি কেন্দ্রিক আন্দোলনে ‘অতিমাত্রায় সক্রিয়’ ছিল গাইবান্ধা জেলা বিএনপি। নেতা-কর্মীদের সহিংস তৎপরতায় উত্তপ্ত ছিল জেলার সাত উপজেলা। কিন্তু আট মাসের মাথায় ঠিক উল্টো চিত্র। সক্রিয় নেতা-কর্মীরা এখন পালিয়ে আছেন। তাই জেলা বিএনপির কর্মকাণ্ড অনেকটাই স্থবির।
বিএনপির নেতা ও স্থানীয় প্রশাসনিক সূত্র জানিয়েছে, আন্দোলনের সময় নাশকতা ও সহিংসতার ঘটনায় গাইবান্ধার সাত উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৫৯টি মামলা দায়ের করা হয়। এতে দল দুটির প্রায় ২৩ হাজার ৯১৬ জন নেতা-কর্মী আসামি। এর মধ্যে এজাহারে ১ হাজার ১২১ জনের নাম উল্লেখ আছে। বাকি ২২ হাজার ৭৯৫ জন অজ্ঞাত। সম্প্রতি ১ হাজার ৯৯ জনকে অভিযুক্ত করে ৯২টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলায় ইতিমধ্যে ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, মামলা-মোকদ্দমার কারণে সিংহভাগ নেতা-কর্মী গা ঢাকা দিয়ে আছেন। রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাচ্ছে না। আর যাঁদের নামে মামলা নেই, তাঁদের অনেকে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে আপস করে চলছেন।
গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, দলে কিছু সুবিধাবাদী আছেন। এঁরা সংসদ নির্বাচনের সময়, কমিটি গঠনের সময় এবং দল ক্ষমতায় এলে তৎপরতা দেখান। অন্য সময় মামলা এড়াতে সরকারি দলের সঙ্গে সখ্য গড়েন।
অবশ্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউছুল আজম দলীয় কর্মকাণ্ডে স্থবিরতার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘গত বছর সরকারবিরোধী আন্দোলনে আমরা সারা দেশের মধ্যে সফল হয়েছি। আমাদের সফল আন্দোলন দেখে জেলার বেশির ভাগ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁরা পলাতক থেকে মানবেতর জীবন যাপন করছেন। এরপরও দলকে সক্রিয় করতে আমরা মাঠে আছি, থাকব।’
বিএনপির নেতা-কর্মীরা জানান, যেকোনো সংকটের সময় জেলা সভাপতি আনিছুজ্জামান খান দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। তাঁর নেতৃত্বে গত বছরের ৫ জানুয়ারি গাইবান্ধায় ব্যাপক আন্দোলন হয়।
উল্লেখ্য, ওই সময় গাইবান্ধা সদর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কেটে সড়ক অবরোধ, সড়ক কাটাসহ ব্যাপক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। গত ৫ জানুয়ারির আন্দোলনের সময়ও এসব উপজেলায় ব্যাপক সহিংসতা হয়। এর মধ্যে ৬ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় চলন্ত বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন। এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ হাবীবও আসামি। গ্রেপ্তার এড়াতে দুজনেই গা ঢাকা দিয়ে আছেন।
জানতে চাইলে মিজানুর রহমান বলেন, গাইবান্ধায় বিএনপির সাংগঠনিক ভিত্তি ঠিক আছে, জনগণের সমর্থনও বাড়ছে। কিন্তু আওয়ামী লীগের ইন্ধনে পুলিশ নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না।
দলের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭৯ সালের নির্বাচনে জেলায় চারটি আসন পেয়েছিল বিএনপি। ১৯৯১ ও ৯৬ সালে জেলার পাঁচটি আসনের একটিও পায়নি দলটি। ২০০১ সালের নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জয়ী হয় বিএনপি। একসময় জাতীয় পার্টির প্রভাবাধীন এ জেলায় বিএনপির প্রভাব বেড়েছিল। দলের তরুণ নেতাদের একটি অংশ মনে করেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়া, পরবর্তীতে জামায়াতের সহিংসতার সঙ্গে দলকে জড়িয়ে ফেলা এবং দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী মামলায় জড়িয়ে পড়ায় জেলায় বিএনপির সাংগঠনিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে।