'অতিরঞ্জিত' জলাবদ্ধতা দূর হবে দুই বছরে!
নির্বাচনী ইশতেহারে ‘জলাবদ্ধতামুক্ত জনবান্ধব চট্টগ্রাম’ গড়ার প্রতিশ্রুতি দেন আ জ ম নাছির উদ্দিন। মেয়র নির্বাচনে তাঁর প্রচারণায় জলাবদ্ধতার বিষয়টিকেই বেশি গুরুত্ব দেন। জলাবদ্ধতা দূর করতে ব্যর্থ হওয়ায় কঠোর সমালোচনা করেন প্রতিদ্বন্দ্বী ও বিদায়ী মেয়র মনজুর আলমের। শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেও প্রথমেই জলাবদ্ধতা নিরসনে কাজ করার কথা জানান তিনি।
তবে গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠানে আ জ ম নাছির অভিযোগ করেছেন, জলাবদ্ধতা নিয়ে গণমাধ্যমে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়। তাঁর দাবি, ঢাকার জলাবদ্ধতার খবর জাতীয় পত্রিকায় সেভাবে আসে না। শুধু চট্টগ্রামে জলাবদ্ধতা হলেই সেটা ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করে প্রকাশ করা হয়।
আবার বিকেলে ভিন্ন এক অনুষ্ঠানে আগামী দুই বছরের মধ্যে জলাবদ্ধতা নিরসনের অঙ্গীকার করেন নবনির্বাচিত এই মেয়র।
সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে গতকাল দুপুরে নগর মহিলা আওয়ামী লীগ আ জ ম নাছিরকে সংবর্ধনা দেয়। মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন-পত্নী হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরেরাও যোগ দেন।
সভায় আ জ ম নাছির বলেন, সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশেই বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়। অনেকে মারা যান। কিন্তু এসব খবর সেখানকার জাতীয় কোনো দৈনিকে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হয় না। তিনি বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের একটা কথা বলতে চাই, পত্রপত্রিকায় জলাবদ্ধতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে এটার শিকার আমরাও।’
নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা ভুলে যাওয়ার পরামর্শ দেন আ জ ম নাছির। দলের ক্ষতি হয় এমন কোনো কাজ না করার কথাও বলেন।
সভায় সংরক্ষিত নারী আসনের সাংসদ ওয়াসিক আয়শা খান, এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেমন আরা তৈয়ব প্রমুখ বক্তব্য দেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংবর্ধনা: বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আ জ ম নাছিরকে সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
সভায় আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘জলাবদ্ধতা চট্টগ্রামের প্রধান সমস্যা। ইতিমধ্যে বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে সমস্যাটি নিয়ে কথা হয়েছে। পাঁচ বছর না, ইনশা আল্লাহ দুই বছরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করা হবে।’
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও সবুজ করতে মেয়রকে সহযোগিতা করা হবে। সবাই সহযোগিতা করলে যানজটমুক্ত, ময়লা আবর্জনামুক্ত নগর গড়া সম্ভব।
পুলিশকে নিয়ে আ জ ম নাছিরের পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত বলেন, ‘জনসচেতনতার জন্য এটা ঠিক আছে। তবে পুলিশের আরও অন্য কাজ আছে।’
সাইফুজ্জামান চৌধুরী বলেন, চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। আ জ ম নাছির চট্টগ্রাম সাজাবেন। মন্ত্রী হিসেবে তাঁকে সহযোগিতা করা হবে।
মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের সময় নাগরিক কমিটি একটি ছিল। কিন্তু সেটির কোনো সভা হয়নি। অনেকে কাজ করেনি। যাঁরা মনজুরকে ভোট দিয়েছেন তাঁরা মোনাফেক।’
আ জ ম নাছির উদ্দিন তাঁর বক্তব্যে নির্বাচনের বিষয়ে বলেন, ‘নির্বাচনে কে কাজ করেছে কে কাজ করেনি এটা নিয়ে সমালোচনা করে দলের মধ্যে বিভাজন তৈরি করতে চাই না।’ তিনি আরও বলেন, করপোরেশনের অনেক কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে না এসে প্রতি মাসে বেতন তোলেন। এসব বরদাশত করা হবে না। চাকরি ছেড়ে দিতে হবে, নয়তো কর্মস্থলে এসে চাকরি করতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানে প্রমুখ।