'অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনো নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যাঁরা দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন, তাঁদের পরিণতি কী হয়, আপনারা দেখবেন। জনগণ তাঁদের প্রত্যাখ্যান করবে।’

আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে জাপার জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরশাদ এ হুঁশিয়ারি জানান। এপ্রিলে অনুষ্ঠেয় জাপার কেন্দ্রীয় সম্মেলন ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এরশাদ কারও নাম উল্লেখ না করে অভিযোগ করেন, ‘আজকের এই যৌথসভায় না আসার জন্য জেলা নেতাদের ফোন করা হয়েছিল। কিন্তু কেউ তাঁদের কথা শোনেনি। সবাই এসেছে। আজ প্রমাণিত হয়েছে, তাঁদের ফোনের কোনো মূল্য নেই।’

প্রসঙ্গত, গতকাল রোববার জাপার সংসদীয় দল সিদ্ধান্ত নেয়, রওশন এরশাদকে কো-চেয়ারম্যান করা না হলে তাঁরা দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। সভায় জাপার জ্যেষ্ঠ নেতা ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সভাপতিত্ব করেন।

বিষয়টির প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘যাঁরা আমার স্থানে আসতে চান তাঁদের উদ্দেশে বলছি—তাঁদেরও বয়স হয়েছে। নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিন। উপলব্ধি করতে হবে, জাতীয় পার্টির সম্ভাবনার দরজা খুলেছে। সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আমি আপনাদের উদ্দেশে বলছি, আমি অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনো নেই।’

জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান নিযুক্ত করার কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমার ছোট ভাই জি এম কাদেরকে যোগ্য উত্তরসূরি হিসেবে নির্বাচন করেছি। আমি বেশি দিন নেই। আমার বিশ্বাস আমার অবর্তমানে সে পার্টির হাল ধারতে পারবে।’

সভায় জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য সালমা ইসলাম, এস এম ফয়সল চিশতি, আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। তবে রওশন এরশাদসহ দলের মন্ত্রী ও সাংসদদের অধিকাংশ সদস্য সভায় ছিলেন না। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংসদ সৈয়দ আবু হোসেন ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাহজাবিন মোরশেদসহ কক্সবাজার, বগুড়া, সুনামগঞ্জসহ আরও কয়েকটি জেলার সভাপতি-সাধারণ সম্পাদকেরা সভায় অংশ নেননি।